Published : 02 Feb 2026, 08:39 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান অস্থিরতার জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) কাঠগড়ায় তুলেছেন আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন সামি-উল-হাসান বার্নি। তার মতে, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটিই মূলত বিতর্ক উসকে দিয়েছে। এক্ষেত্রে ভারতীয় বোর্ড আরেকটু সতর্ক হলে বর্তমান পরিস্থিতি এড়ানো যেত বলে মনে করছেন তিনি।
২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত মাসের শুরুতে বাঁহাতি এই পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। পরে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা।
পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে দুই দফায় চিঠি পাঠায় তারা। কিন্তু দুই পক্ষের কয়েক দফা আলোচনার পরও কোনো সমাধান মেলেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে রোববার, যখন পাকিস্তান সরকার জানিয়ে দেয়, বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান দল। এ নিয়ে এখন ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়।
আইসিসির মেয়াদ শেষে পিসিবির মিডিয়া ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করা বার্নি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বললেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে আরও কৌশলী হতে পারত বিসিসিআই।
“আমি বলতে চাইছি, ক্রিকেট প্রশাসক বা খেলার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি আরও একটু সতর্ক থাকতেন এবং বাংলাদেশের একজন খেলোয়াড়কে (মুস্তাফিজ) ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেওয়ার মতো প্রকাশ্য বিবৃতি এড়িয়ে চলতেন, তাহলে (বর্তমান) পরিস্থিতি সহজেই এড়ানো যেত।”
“আমি বলতে চাইছি, তাদের (বিসিসিআই) প্রকাশ্যে এটি বলার দরকার ছিল না। তারা সহজেই একান্তে ফ্র্যাঞ্চাইজিকে (কলকাতা) বলতে পারত খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা এবং কেউ জানতে পারত না কী ঘটেছিল, সবকিছু ঠিকভাবে এগোত। কখনও কখনও আপনি বিচারে ভুল করেন এবং এমন একটি বিবৃতি দেন যার প্রভাব রয়ে যায়। তাই ৩ জানুয়ারির ঘোষণাই পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল।”
ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া গত ৩ জানুয়ারি বার্তা সংস্থা এএনআইকে জানান, মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছেন তারা। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।