১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএ টোয়েন্টি শেষ দু প্লেসির

চোট থাবায় ব্যাটই ধরতে পারছেন না জোবার্গ সুপার কিংসের অধিনায়ক।

এসএ টোয়েন্টি শেষ দু প্লেসির
ফাফ দু প্লেসি। ছবি: এসএটোয়েন্টি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 07:11 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

আসরের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় এক ধাক্কা খেল জোবার্গ সুপার কিংস। চোটের থাবায় এসএ টোয়েন্টির বাকি অংশ থেকে ছিটকে গেলেন দলটির অধিনায়ক ফাফ দু প্লেসি।

গত শনিবার এমআই কেপ টাউনের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান ৪১ বছর বয়সী দু প্লেসি। ২৩৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং করতে পারেননি তিনি। ম্যাচটি ৩৬ রানে হারে জোবার্গ সুপার কিংস।

দু প্লেসির আঙুলের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাই করাতে হবে অস্ত্রোপচার। ওই ম্যাচে শেষে জোবার্গের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, দু প্লেসির আঙুলের অবস্থা এতটাই বাজে যে, ব্যাট ধরতেই পারছেন না তিনি।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চলতি আসরে পাঁচ ইনিংসে ব্যাটিং করেন দু প্লেসি। ১৫১.৬৮ স্ট্রাইক রেটে ১৩৫ রান করেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।

শিগগিরই দু প্লেসির বদলির নাম ঘোষণা করে হবে বলে জানিয়েছে জোবার্গ সুপার কিংস। 

দু প্লেসির ছিটকে পড়া দলটির জন্য দ্বিতীয় বড় ধাক্কা। এর আগে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় আসরের বাকিটা থেকে ছিটকে যান রাইলি রুশো।

আসরে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জোবার্গ সুপার কিংস। প্রাথমিক পর্বে আরও তিনটি ম্যাচ বাকি আছে তাদের।