Published : 04 Aug 2025, 04:28 PM
ইংল্যান্ড ও ভারতের ওভাল টেস্টের চতুর্থ দিনের খেলা ‘নির্ধারিত সময়ের অনেক আগে’ শেষ করে সমালোচনার মুখে পড়েছেন আম্পায়ার কুমার ধার্মাসেনা ও আহসান রাজা। তাদের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক দুই ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইন ও স্টুয়ার্ট ব্রড।
ইংল্যান্ডের রান তাড়ায় রোববার আলোকস্বল্পতায় স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে মাঠ ছেড়ে যান দুই দলের খেলোয়াড়রা। এর পরপরই শুরু হয় বৃষ্টি। উইকেট ঢেকে দেন মাঠকর্মীরা।
যদিও বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রোদও উঠে যায় ওভালে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিট পর্যন্ত খেলা চালানোর কথা ছিল, তারপর বাড়তি আধা ঘন্টা সময়ও পাওয়া যেত। তবে কাভারে পানি জমে যাওয়ায় ৬টা ১ মিনিটে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।
পরে সামাজিক মাধ্যমে আম্পায়ারদের এই সিদ্ধান্তের সমালোচনা করেন সাবেক ইংলিশ পেসার ও এই সিরিজের ধারাভাষ্যকার ব্রড।
“খেলা শুরুর সম্ভাব্য সময়ে এখনও ২০ মিনিট বাকি, ট্রেন স্টেশনে সবার চোখে সানগ্লাস উঠেছে। আমার মনে হয়েছে, আজ (রোববার) এই টেস্ট ম্যাচের সমাপ্তি দেখা দর্শকদের প্রাপ্য ছিল। আমার মতে, সন্ধ্যা ৬টায় দিনের খেলা শেষ করার সিদ্ধান্তটি ভালো হয়নি।”
আরেক ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন স্কাই স্পোর্টসে আলাপেও আলাদা করে তুলে ধরেন দর্শকদের কথা।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শক, যারা অর্থ খরচ করেছেন। মনে রাখবেন, সোমবার কর্মদিবস এবং এই ধরনের সিরিজের শেষটা ওভালের মতো একটি আইকনিক ক্রিকেট গ্রাউন্ডে অনেক দর্শকের সামনে হওয়া উচিত। রোববার সেটা হতে পারত।”
হুসেইনের সঙ্গে সুর মেলান আরেক ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ব্যাটসম্যান দিনেশ কার্তিকও।
“এমন একটা দিনে, বিশেষ করে এত বড় টেস্ট সিরিজের ক্ষেত্রে, মাঠে ২০ হাজার মানুষের উল্লাস দেখাটা ভালো হতো, যে দলই জিতুক না কেন, হয় ইংল্যান্ড ৩-১ ব্যবধানে জিতত, যা দিনের বেশিরভাগ সময় মনে হয়েছে এবং তারপর হঠাৎ চা-বিরতির পর ভারত ঘুরে দাঁড়াল।”
৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন হ্যারি ব্রুক ও জো রুটের সেঞ্চুরি এবং তাদের ১৯৫ রানের জুটিতে অনায়াস জয়ের পথে এগোচ্ছিল ইংল্যান্ড। তবে তৃতীয় সেশনে ১৫ বলের মধ্যে জ্যাকব বেথেল ও রুটের উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলে ভারত।
শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান, ভারতের দরকার ৪ উইকেট। ম্যাচের প্রথম দিন কাঁধে চোট পেয়ে স্লিংয়ে হাত ঝুলিয়ে রাখা ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস প্রয়োজনে ব্যাটিংয়ে নামতে প্রস্তুত বলে দিনের খেলা শেষে জানান রুট।