১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজির মালিক গেইল

প্রতিযোগিতাটির ব্র্যান্ড অ‍্যাম্বাসেডর করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটারকে।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজির মালিক গেইল
ক্রিস গেইল। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 11:19 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

একসময় বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি খেলে বেড়ানো ক্রিস গেইল যুক্ত হয়েছেন ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল)। প্রতিযোগিতাটির ব্র‍্যান্ড অ‍্যাম্বাসেডর হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। সেই সঙ্গে একটি ফ্র্যাঞ্চাইজির আংশিক মালিকানায়ও এসেছেন এই ব্যাটিং গ্রেট।

ইটিপিএল এক বিবৃতিতে জানায়, গ্লাসগো-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মাগাফিয়ান্সের মালিকানায় তানশা বাত্রার মাগাফি গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছেন গেইল।

আগামী ২৬ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে টুর্নামেন্টের উদ্বোধনী আসর। ছয় শহর গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামের প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। আসরে মোট ম‍্যাচ হবে ৩৩টি। 

টুর্নামেন্টের শুরুর পথচলায় সঙ্গী হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত গেইল।

“গ্লাসগো মাগাফিয়ান্সের সহ-মালিকানা নেওয়া আমার জন‍্য রোমাঞ্চকর নতুন অধ‍্যায়। ইটিপিএল এরই মধ‍্যে বিশ্বব‍্যাপী আলোড়ন তুলেছে। বিশ্বব‍্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা থেকে আমি আত্মবিশ্বাসী, এটা বিশেষ কিছু হবে।”

“প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভাদের তুলে আনার এবং ভবিষ‍্যতের নায়ক, যারা এই অঞ্চলের খেলাটিকে দৃঢ়তা দেবে, তাদের গড়ে তোলার সম্ভাবনা ইটিপিএলের আছে। নতুন অভিযাত্রা শুরুর জন‍্য আমি অধীর হয়ে আছি।”

গেইলের মতো একজনকে অভিযানের শুরুতে পেয়ে ভীষণ খুশি ইটিপিএলের মালিকদের একজন আভিশেক বচ্চন। এই বলিউড অভিনেতার আশা, ইউরোপে ক্রিকেটের ভিত আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের টুর্নামন্টে। 

ইটিপিএলের মালিকানায় আছেন বিশ্ব ক্রিকেটের আরও কিছু বড় নাম। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির মালিকানার সঙ্গে যুক্ত আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ, হকি আইকন জেমি ডয়ার। দলটির অধিনায়ক মিচেল মার্শ। 

বেলফাস্টের মালিকদের একজন গ্লেন ম‍্যাক্সওয়েল। এডিনবরার মালিক নিউ জিল‍্যান্ডের দুই সাবেক ক্রিকেটার কাইল মিলস ও ন‍্যাথান ম‍্যাককালাম। এই দলের অধিনায়ক মিচেল স‍্যান্টনার।