Published : 13 Sep 2024, 08:20 PM
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে পাঁচ দিন শুধু মাঠের পরিস্থিতি ভালো হওয়ার আশায় কাটিয়েছে নিউ জিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত টস করাও সম্ভব হয়নি। প্রায় ৬ মাস পর লাল বলের ক্রিকেট খেলার সুযোগটি হারানোয় হতাশার যেন শেষ নেই কিউই কোচ গ্যারি স্টেডের।
ভারতের গ্রেটার নয়ডায় প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হওয়ার কথা ছিল নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের। কিন্তু টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে একটি বলও গড়ায়নি মাঠে। দীর্ঘ ২৮ বছর পর টস ছাড়াই পরিত্যক্ত হয়ে যায় কোনো টেস্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে লম্বা সময় সাদা বলের ক্রিকেটে ব্যস্ত থাকায়, এই ম্যাচটি ছিল নিউ জিল্যান্ডের জন্য টেস্টে ফেরার উপলক্ষ। ঘরের মাঠে গত মার্চে অস্ট্রেলিয়া সিরিজের পর আর দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলেনি কিউইরা।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই সিরিজে শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হওয়ার আগে তাই আফগান টেস্ট তাদের জন্য হতে পারত প্রস্তুতির আদর্শ মঞ্চ। কিন্তু প্রকৃতির বাগড়া ও মাঠের অপর্যাপ্ত সুযোগ-সুবিধার কারণে কিছুই হয়নি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই হতাশা লুকোননি নিউ জিল্যান্ড কোচ স্টেড।
“সবচেয়ে হতাশার বিষয় হলো, আগামী সপ্তাহে (শ্রীলঙ্কার বিপক্ষে) পরের ম্যাচের আগে আমরা ম্যাচের চ্যালেঞ্জ ও ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার সুযোগটা হারিয়েছি। ছেলেরা খুব হতাশ। আফগানিস্তানের বিপক্ষে খেলার সুযোগ ছিল। এই সুযোগ সহসাই আসে না।”
“তাদের দলে কয়েকজন বৈচিত্র্যময় বোলার আছে…তারা অন্যান্য দেশগুলোর চেয়ে ভিন্নভাবে খেলে। ওসব ম্যাচ পরিস্থিতিতে আপনি কী করতে পারেন, তা সবসময়ই শেখার বিষয়।”
আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বর্তমান চক্রে আফগানিস্তানের বিপক্ষে আর টেস্ট নেই নিউ জিল্যান্ডের। তবে ক্রমেই বড় দল হয়ে ওঠা আফগানদের বিপক্ষে লাল বলের ক্রিকেট খেলার আগ্রহ জানিয়ে রাখলেন স্টেড।
“ভবিষ্যৎ সফরসূচি এবং বড় সফরের ব্যাপারে আমি সিদ্ধান্ত নেই না। তবে এখানে আসার পর থেকেই আমি বলছি, সম্প্রতি আফগানিস্তান বিশ্বের বড় দলগুলোকে হারিয়েছে। তাই তারা এখন নিশ্চিতভাবেই শক্তিশালী দল এবং ক্রমেই তারা বড় শক্তিতে পরিণত হচ্ছে। তো এটি (ভবিষ্যৎ সফর) দুই দেশের ক্রিকেট বোর্ডের দেখার ব্যাপার।”
“আফগানিস্তানের বিপক্ষে এটি আমাদের প্রথম টেস্ট ম্যাচ ছিল এবং আমরা সত্যিই খুব রোমাঞ্চিত ছিলাম। গত কয়েক বিশ্বকাপে তারা আমাদের দারুণ প্রতিদ্বন্দ্বী। আমাদের দারুণ কিছু ম্যাচ হয়েছে।”