Published : 12 May 2026, 09:34 PM
সাউদ শাকিল ও মোহাম্মাদ রিজওয়ানের জুটিতে ম্যাচ বাঁচানোর পথে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। নতুন স্পেলে আক্রমণে এসেই তাদের প্রতিরোধ ভাঙেন নাহিদ রানা। এরপর, এই পেসারের তোপে অল্পতেই শেষ হয়ে যায় সফরকারীদের ব্যাটিংয়ের বাকিটা। পরে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের কণ্ঠে ঝরল ওই জুটি আরও আধা ঘণ্টা খেলতে না পারার আক্ষেপ।
মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানে হেরে দুই ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে পাকিস্তান। শেষ দিনের শেষ দুই সেশনে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ১৬৩ রানে গুটিয়ে যায় তারা।
২৭০ রানের লক্ষ্য পেলে জয়ের জন্য ব্যাটিং করবে পাকিস্তান, আগের দিন বলেছিলেন দলটির ব্যাটসম্যান সালমান আলি আগা। সাহসী সিদ্ধান্তে বাংলাদেশ তাদের ঠিক সেই চ্যালেঞ্জই ছুঁড়ে দেয়। রান তাড়ায় একটা পর্যায়ে ভালো অবস্থায়ও ছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত নাহিদের ছোবলে চুরমার হয়ে যায় তাদের আশা।
সাত উইকেট হাতে রেখে শেষ সেশন শুরু করে পাকিস্তান। সেশনের শুরুতে দুটি উইকেট পতনের পরও, আশায় ছিল তারা। শাকিল ও রিজওয়ানের ব্যাটে জুটি গড়েও উঠছিল।
মাসুদও তখন আঁকছিলেন ড্রয়ে ম্যাচ শেষ করার ছবি। খুব করে চাচ্ছিলেন, রিজওয়ান ও শাকিলের জুটিটা আরেকটু লম্বা হোক। তাতে হয়তো হতাশ হয়ে হাল ছেড়ে দিত বাংলাদেশ, ততক্ষণে আলোও কমে আসত। কিন্তু তার আশায় গুঁড়েবালি। ৪৫তম ওভারে আক্রমণে এসে শাকিলকে কট বিহাইন্ড করে দেন নাহিদ।
উইকেটটা নিয়ে তিনি কেবল ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেননি, যেন চোখের পলকে কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে গেছেন দলকে। একের পর এক গোলা বের হয়েছে তার হাত থেকে। দাঁড়াতেই পারেনি পাকিস্তানের লোয়ার অর্ডার। ৪.৫ ওভারের বিধ্বংসী স্পেলে ১০ রানে ৪ উইকেট নিয়ে নাহিদ গুঁড়িয়ে দেন পাকিস্তানের ম্যাচ বাঁচানোর আশা।
ওই জুটি আরও কিছুক্ষণ টিকলে অন্য কিছু হতে পারতো, হতাশা ঝরল মাসুদের কণ্ঠে। ৱনাহিদের বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসাও করলেন তিনি।
“পাঁচ দিনের টেস্ট ম্যাচকে কোনো একটি আউট বা ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না আমরা। দল হিসেবে অনেক কিছুই আমরা পর্যালোচনা করব। কিন্তু হ্যাঁ, ওই মুহূর্তে, ওই জুটির সময়... আমি ভাবছিলাম, তখন চারটা বেজে ১০ মিনিট। এই দুইজন আরও আধা ঘণ্টা থেকে ৪০ মিনিট ব্যাট করলে হয়তো বাংলাদেশও কিছুটা হাল ছেড়ে দিত, কারণ এখানে পাঁচটা বাজতেই আলো কমে আসে। তাই ওটা খেলার খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল।
“আর লোয়ার অর্ডারের বিপক্ষে সবসময়ই গতিময় বোলারদের চাইবেন। আমার মতে, আমাদের লোয়ার অর্ডারের বিপক্ষে ভালো বোলিং করেছে রানা।”
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী শনিবার, সিলেটে।