১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুম্বাই ইন্ডিয়ান্সে ‘দুই রাসেল’ দেখছেন দু প্লেসি

এবারের মুম্বাই ইন্ডিয়ান্স দলকে খুবই শক্তিশালী মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়কের।

মুম্বাই ইন্ডিয়ান্সে ‘দুই রাসেল’ দেখছেন দু প্লেসি
ফাফ দু প্লেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 09:51 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

আইপিএল ক্যারিয়ারে কখনও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেননি আন্দ্রে রাসেল। তবে এবার দলটিতে এক সঙ্গে ‘দুইজন রাসেলকে’ দেখছেন ফাফ দু প্লেসি! দক্ষিণ আফ্রিকা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়কের মতে, মুম্বাইয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারেন শেরফেইন রাদারফোর্ড ও উইল জ্যাকস।

ইংলিশ অফ স্পিনিং অলরাউন্ডার জ্যাকসকে ২০২৫ সালের মেগা নিলাম থেকে দলে নেয় মুম্বাই। আর গত ডিসেম্বরের নিলামের আগে ‘ট্রেড’ করে গুজরাট টাইটান্স থেকে ক্যারিবিয়ান ব্যাটসম্যান রাদারফোর্ডকে স্কোয়াডে যোগ করে তারা।

জ্যাকস ও রাদারফোর্ড দুইজনই ২০ ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তো অলরাউন্ড পারফরম্যান্সে চার ম্যাচে সেরার পুরস্কার জিতে নেন জ্যাকস।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি রাদারফোর্ড। ছয় ইনিংসে ১৮৩ রান করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বলে অপরাজিত ৭৬ রান করেন সাতটি ছক্কা ও দুটি চারে। আসরে ওই একটি ফিফটি করলেও, প্রায় ম্যাচেই যতক্ষণ ক্রিজে ছিলেন আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এনে দেন দ্রুত রান। বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল ১৭৯.৪১।

বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় ভালোই চাহিদা রাদারফোর্ডের। এই সংস্করণে তার অভিজ্ঞতাও প্রচুর। এখন পর্যন্ত ২৫০ ম্যাচ খেলে চার হাজার ৩৭৬ রান করেছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানদের একজন রাসেল। নিয়ন্ত্রিত পেস বোলিংয়েও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দু প্লেসির মনে হচ্ছে, জ্যাকস ও রাদারফোর্ড এবারের আইপিএলে মুম্বাইয়ের জন্য সেই ভূমিকা পালন করবেন।

“গত বছর রাদারফোর্ডকে অনুসরণ করে থাকলে দেখবেন, টি-টোয়েন্টি ক্রিকেটে সে সেরা ফর্মে ছিল। যে প্রতিযোগিতায়ই খেলেছে সে, বোলারদের রীতিমত তুলাধুনা করেছে। এরপর তাদের দলে আছে জ্যাকস। যে কেবল ওপেনার হিসেবেই নয়, একজন ফিনিশার ও অফ-স্পিনার হিসেবেও নিজেকে নতুনভাবে মেলে ধরেছে।”

“এই মুহূর্তে মনে হচ্ছে, তাদের দলে দুইজন রাসেল আছে। মুম্বাই দলকে অবিশ্বাস্য ভালো মনে হচ্ছে।”

আগামী ২৮ মার্চ শিরোপাধারী রয়্যাল চ্যালেঞ্জার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের। পরদিন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই।