Published : 31 Jul 2026, 01:21 AM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে অভিজ্ঞ শান মাসুদকে পাচ্ছে না পাকিস্তান। আঙুলের চোটে ছিটকে গেছেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান।
পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বাম তর্জনীতে চোট পান মাসুদ। স্ক্যান করানোর পর বৃহস্পতিবার তার চোটের কথা নিশ্চিত করে পিসিবি।
জেডেন সিলসের ডেলিভারি আঘাত হানে মাসুদের হাতে। ওই ইনিংসে ১৮৪ বলে ১২ চারে ১০৯ রান করেন তিনি। চতুর্থ দিন সকালে ফিল্ডিং করতে পারেননি তিনি।
ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ৯০ রানে হেরে যাওয়া ম্যাচে দ্বিতীয় ইনিংসে আটে নামেন মাসুদ। ২১১ রান তাড়ায় ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান তখন ছিল খাদের কিনারায়। কার্যত এক হাতে ব্যাট করে তিনি ৩ রান করে ধরা পড়েন পয়েন্টে।
কবে নাগাদ অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান খেলায় ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা। লিডসে ওই ম্যাচ শুরু হবে ১৯ অগাস্ট। ছিটকে গেলেও ওয়েস্ট ইন্ডিজেই থাকবেন মাসুদ এবং দলের সঙ্গে ইংল্যান্ডেও যাবেন তিনি।
আগামী রোববার শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে মাসুদের জায়গায় খেলতে পারেন আব্দুল্লাহ শাফিক, সাউদ শাকিল অথবা আন্তর্জাতিক ক্রিকেটে এখনও কোনো ম্যাচ না খেলা আওয়াইস জাফার।