১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিদ খানের নেতৃত্বেই বিশ্বকাপে আফগানিস্তান, ফিরেছেন ফারুকি

দুই রহস্য স্পিনারের মধ্যে পরীক্ষিত ও অভিজ্ঞ মুজিব উর রহমানকে বেছে নিয়েছে আফগানরা।

রাশিদ খানের নেতৃত্বেই বিশ্বকাপে আফগানিস্তান, ফিরেছেন ফারুকি
রাশিদ খান। ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 08:14 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

মাস দুয়েক আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে বাদ পড়েছিলেন; তবে বিশ্বকাপের আগে ঠিকই ডাক পেলেন পেসার ফাজালহাক ফারুকি ও অলরাউন্ডার গুলবাদিন নাইব। রাশিদ খানকে অধিনায়ক করেই আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।

দলে আরও ফিরেছেন পেসার নাভিন উল হাক। জাতীয় দলের হয়ে সবশেষ তিনি খেলেছেন গত বছরের ডিসেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে।

আর অফস্পিনার মুজিব উর রাহমান ডাক পাওয়ায়, রহস্য স্পিনার  এএম গাজানফারের জায়গা হয়েছে রিজার্ভে। তার সঙ্গে রিজার্ভে আরও আছেন ইজাজ আহমাদজাই ও জিয়া উর রাহমান শারিফি।

২০২৪ সালে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক জাগানো পারফরম্যান্সে সেমি-ফাইনাল খেলেছিল আফগানরা, আইসিসির কোনো টুর্নামেন্টে সেটাই তাদের সর্বোচ্চ সাফল্য। শেষ চারে উঠতে তারা যাত্রাপথে হারিয়েছিল নিউ জিল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো দলকে।

আগামী ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করবে আফগানিস্তান। ‘ডি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আর আমিরাত ও কানাডা।

বিশ্বকাপের আগে শেষ ধাপের প্রস্তুতির লক্ষ্যে, এই একই দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি হবে আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত।

আফগাস্তিানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: রাশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রাহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মাদ ইশাক, সেদিকউল্লাহ আতাল, দারভিশ রাসুলি, শাহিদউল্লাহ কামাল, আজমাতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মাদ নাবি, নুর আহমাদ, মুজিব উর রাহমান, নাভিন-উল-হাক, ফাজালহাক ফারুকি, আব্দুল্লাহ আহমাদজাই।

রিজার্ভ: আল্লাহ মোহাম্মাদ গাজানফার, ইজাজ আহমাদজাই ও জিয়া উর রাহমান শারিফি