০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইভান্সের ছোবলে বিধ্বস্ত আফগান ব্যাটিং

বেন কারানের অপরাজিত ফিফটিতে লিড নিয়ে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে।

ইভান্সের ছোবলে বিধ্বস্ত আফগান ব্যাটিং
পাঁচ উইকেট পাওয়ার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ছেন ব্র্যাড ইভান্স। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 10:17 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ম্যাচের ষষ্ঠ ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে সুর বেঁধে দিলেন ব্লেসিং মুজারাবানি। পরে সব আলো কেড়ে দিলেন ব্র্যাড ইভান্স। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে আফগানিস্তানকে দেড়শর আগে গুটিয়ে দিল জিম্বাবুয়ে। জবাবে বেন কারানের অপরাজিত ফিফটিতে লিড নিল তারা।

হারারেতে একমাত্র টেস্টে সোমবার আফগানদের ১২৭ রানে আটকে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ২ উইকেটে ১৩০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে তারা।

আলোক স্বল্পতায় ১৭ ওভার আগে শেষ হয় দিনের খেলা। ৫ চারে ৫২ রানে অপরাজিত আছেন কারান। অভিজ্ঞ ব্রেন্ডান টেইলর খেলছেন ১৮ রানে।

আফগানদের অল্পতে থামিয়ে দেওয়ার কারিগর ইভান্স স্রেফ ২২ রান খরচায় নেন ৫ উইকেট। টেস্টে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন এই পেসার। ৪৭ রান দিয়ে তিন শিকার ধরেন আরেক পেসার মুজারাবানি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আত্মবিশ্বাসী শুরু করেন ইব্রাহিম। ৪টি চারে ১৯ রান করা ওপেনারকে ইনিংস বড় করতে দেননি মুজারাবানি। প্রথম ঘণ্টার বাকিটা কাটিয়ে দেন রাহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল মালিক।

এরপর বালির বাঁধের মতো ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং। ১ উইকেটে ৭৭ রান থেকে স্রেফ ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ৫০ রানে ৯ উইকেট হারায় সফরকারীরা।

দ্বিতীয় ঘণ্টার শুরুতে গুরবাজের (৩ চারে ৩৭) বিদায়ে ভাঙে মালিকের সঙ্গে তার ৫৪ রানের জুটি। এক ওভার পর রান আউটে কাটা পড়েন ২ চারে ৩০ রান করা মালিকও।

প্রথম তিন ব্যাটসম্যানের পর আর কেউ ১৫ রানও করতে পারেননি।

হাশমাতউল্লাহ শাহিদিকে ফিরিয়ে শিকার ধরা শুরু করেন ইভান্স। ওই ওভারেই আফসার জাজাইকে কট বিহাইন্ড করে দেন তিনি। দুই ওভারের মধ্যে প্রতিপক্ষের শেষ তিন উইকেট (অভিষিক্ত শারাফউদ্দিন আশরাফ, খালিল গুরাবাজ ও জিয়াউর রাহমান) নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন ইভান্স।

ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে জিয়াউরের বলে বোল্ড হয়ে যান ব্রায়ান বেনেট। তবে দলকে চাপে পড়তে দেননি কারান ও নিক ওয়েলচ। তাদের ৯৭ রানের জুটিতে শক্ত ভিত পায় আফ্রিকার দলটি।

তাদের প্রতিরোধও ভাঙেন জিয়াউর। ১ ছক্কা ও ৫ চারে ৪৯ রান করা ওয়েলচের স্টাম্পও ভাঙেন এই পেসার।

টেইলরের সঙ্গে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের বাকি সময় কাটিয়ে দেন ১০৮ বলে ফিফটি করা কারান।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান ১ম ইনিংস: ৩২.৩ ওভারে ১২৭ (ইব্রাহিম ১৯, মালিক ৩০, গুরবাজ ৩৭, শাহিদি ৭, বাহির ২১, আফসার ১, ইসমাত ৮, আশরাফ ০, ইয়ামি ১০*, খালিল ২, জিয়াউর ০; এনগারাভা ৬-১-২৮-০, মুজারাবানি ১১-১-৪৭-৩, চিভাঙ্গা ৬-০-২৯-১, ইভান্স ৯.৩-২-২২-৫)

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৮ ওভারে ১৩০/২ (বেনেট ৬, কারান ৫২, ওয়েলচ ৪৯, টেইলর ১৮; ইয়ামিন ১১-২-৩৪-০, জিয়াউর ১৩-২-৩৫-২, আশরাফ ৩-০-১৪-০, ইসমাত ৬-১-১২-০, খালিল ৫-০-৩১-০)