১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল খেলার ছাড়পত্র পেলেন পাথিরানা

শ্রীলঙ্কার পেসারকে পাওয়াটা কলকাতা নাইট রাইডার্সের জন্য স্বস্তির খবর।

আইপিএল খেলার ছাড়পত্র পেলেন পাথিরানা
আইপিএলের গত চার আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন মাথিশা পাথিরানা। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 05:56 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন মাথিশা পাথিরানা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য বোর্ডের থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো লিখেছে, পায়ের মাংসপেশির চোট থেকে সেরে উঠেছেন পাথিরানা। তিনি ভারতে যাবেন এবং খুব সম্ভবত ১৭ এপ্রিল কলকাতা দলের সঙ্গে যোগ দেবেন, সেদিন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দলটি। কলকাতার মেডিকেল টিম পাথিরানাকে ফিট ঘোষণা করলে ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে।

পাথিরানাকে পাওয়াটা কলকাতার জন্য বড় স্বস্তির খবর। আসরে এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিই তারা হেরেছে, অন্যটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে মঙ্গলবার তারা খেলবে পাথিরানার সাবেক দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। 

এবারের আইপিএলে কলকাতার জন্য সবচেয়ে দুর্ভাবনার জায়গা তাদের বোলিং। ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া, টুর্নামেন্ট শুরুর আগে হার্শিত রানা ও আকাশ দিপের চোট পেয়ে ছিটকে পড়া এবং রহস্য স্পিনার ভারুন চক্রবর্তি ফর্ম হারিয়ে ফেলায় কঠিন এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম তিন ম্যাচে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলা ক্যামেরন গ্রিন চতুর্থ ম্যাচে বোলিং করেছেন দুই ওভার।

গত ডিসেম্বরের নিলামে ১৮ কোটি রুপিতে পাথিরানাকে দলে নেয় কলকাতা। ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোট পাওয়ায় আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারবেন না বলে ধারণা করা হয়েছিল আগেই। গত ২০ মার্চ জানা যায়, এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে তিনি কলকাতা দলে যোগ দিতে পারবেন।

আর বিষয়টা নির্ভর করছিল অনাপত্তিপত্র পাওয়ার ওপর, এজন্য এসএলসির বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উতরাতে হয়। গত ৬ এপ্রিল জানানো হয়েছিল, পাথিরানা ফিটনেস পরীক্ষায় অংশ নেননি। তার পরিস্থিতি ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো, এই অলরাউন্ডারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন। গত বৃহস্পতিবার আইপিএল থেকে তার ছিটকে পড়ার কথা জানানো হয়।