ম্যাক্সওয়েলের রেকর্ড ভাঙলেন সুরিয়াভানশি
লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে স্রেফ ৮ রান করেই নতুন একটি কীর্তি গড়েছেন ভারতের বিস্ময় বালক।
স্রেফ ৮ রানে শেষ হয়ে গেল বৈভাব সুরিয়াভানশির ইনিংস। তাতেই আইপিএলের একটি রেকর্ড ভেঙে দিলেন ভারতের বিস্ময় বালক। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বলে পাঁচশ রান করার কীর্তি গড়লেন তিনি।
লাক্ষ্ণৌয়ে বুধবার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চতুর্থ ওভারেই বিদায় নেন সুরিয়াভানশি। ১১ বলে দুই চারে ৮ রান করেন রাজস্থান রয়্যালসের ওপেনার।
ইনিংসটির পথে আইপিএলে পাঁচশ রান পূর্ণ করেন সুরিয়াভানশি। পাঁচশর ঠিকানায় পা দিতে তার লাগল ২২৭ বল। অস্ট্রেলিয়ান বিস্ফোরক ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের লেগেছিল ২৬০ বল। আর ভারতীয় ব্যাটসম্যান প্রিয়ানশ আরিয়া ২৭৮ বলে করেন পাঁচশ রান।
গত বছর আইপিএল অভিষেক হয় সুরিয়াভানশির। ৭ ম্যাচ খেলে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ২৫২ রান করেন তিনি।
চলতি আসরেও এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন সুরিয়াভানশি। ১৫ বছর বয়সী ক্রিকেটার দুই ফিফটিতে করেছেন ২৫৪ রান। আইপিএলে তার মোট রান এখন ৫০৬।
পাঁচশ ছুঁতে এদিন দুই রান দরকার ছিল সুরিয়াভানশির। মুখোমুখি প্রথম বলে প্রিন্স ইয়াদাভকে চার মেরে দেন তিনি। পরের বলেই মারেন আরেকটি বাউন্ডারি। চতুর্থ ওভারে বাজে তার বিদায় ঘণ্টা।
