১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৩১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পাকিস্তানি পেসারের

৬ বছর জাতীয় দলের বাইরে থাকার পর এবার অবসরের ঘোষণা দিয়েই দিলেন উসমান শিনওয়ারি।

৩১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পাকিস্তানি পেসারের
উসমান শিনওয়ারি। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 07:01 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ক্যারিয়ারটা হয়তো হতে পারত আরও সমৃদ্ধ। কিন্তু জেঁকে বসা পিঠের চোট বারবার রুদ্ধ করে পথ। সাদা বলে দীর্ঘ ক্যারিয়ারের আশায় লাল বলের ক্রিকেট অনেক আগেই ছেড়ে দিয়েছিলেন উসমান শিনওয়ারি। কিন্তু লাভ হয়নি। ছয় বছর ধরে জাতীয় দলের বাইরে থাকার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন ৩১ বছর বয়সী পাকিস্তানি পেসার।

পাকিস্তানের হয়ে এক টেস্ট, ১৭ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টি খেলা শিনওয়ারি মঙ্গলবার অবসরের ঘোষণা দেন। ৪৮টি আন্তর্জাতিক উইকেট নিয়ে ৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

২০১৩ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শিনওয়ারি। কিন্তু পিঠের চোট বারবার বাধা হয়ে দাঁড়ায় তার সামনে। সাদা বলের ক্রিকেটে নিয়মিত হওয়ার আশায় ২০২১ সালের নভেম্বরে লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি।

কিন্তু জাতীয় দলের দুয়ার যে তার খুলছিল না কোনোমতেই। ২০১৯ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলার পর আর পাননি সুযোগ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের চার বছর পর ওয়ানডেতে পথচলা শুরু হয় শিনওয়ারির। দেশের হয়ে এই সংস্করণেই সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতেই শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছিলেন পাঁচ উইকেটের স্বাদ। সেটাও স্রেফ ২১ বলের মধ্যে। আরেকবার পাঁচ উইকেট নিয়েছিলেন ২০১৯ সালে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই, করাচিতে। ওই সিরিজের পর আর ওয়ানডে খেলা হয়নি তার।

শিনওয়ারির জাতীয় দলে ডাক পাওয়ার গল্পটা রোমাঞ্চকর। ১৯ বছর বয়সে, ২০১৩ সালে, ডিপার্টমেন্টারল টি-টোয়েন্টি কাপের ফাইনালে মিসবাহ-উল-হাকের সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে নির্বাচকদের নজরে আসেন তিনি। সেই ম্যাচে দারুণ সুইং ও সিম মুভমেন্টে ৩.১ ওভারে স্রেফ ৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন।

ওই পারফরম্যান্সেই তার জন্য খুলে যায় জাতীয় দলের দুয়ার। সে বছরই পেয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ।

পেশাদার ক্রিকেটে সবশেষ গত মার্চে খেলেছেন শিনওয়ারি। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে কোয়েটা রিজিয়নের হয়ে চার ম্যাচ খেলে কোনো উইকেট নিতে পারেননি তিনি।