Published : 17 Jul 2026, 09:31 PM
অ্যান্ডি ফ্লাওয়ারের দুয়ারে কড়া নেড়ে প্রত্যাশিত সাড়া পায়নি ইংল্যান্ড। পুনরায় তাদের টেস্ট দলের কোচের দায়িত্ব নিতে আগ্রহী নন জিম্বাবুয়ের ব্যাটিং গ্রেট। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দা হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে চান তিনি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কয়েক দফায় ফ্লাওয়ারের সঙ্গে কথা বলেও, তাকে রাজি করাতে পারেনি। নিজেকে এই দৌড় থেকে সরিয়ে নিয়েছেন জিম্বাবুয়ের হয়ে ১১ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা টপ অর্ডার ব্যাটসম্যান।
গত সপ্তাহে ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেয় ইসিবি। ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব পালন করে যাবেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফ্লাওয়ারের কোচিংয়ে সময়টা দারুণ কেটেছিল ইংলিশদের। ওই সময় তিনটি অ্যাশেজ সিরিজ জয়ের পাশাপাশি ভারতের মাটিতেও সিরিজ জিতেছিল তারা। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেরা কোচদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
টেস্ট দলকে আবার পথে ফেরাতে, তাই ফ্লাওয়ারকে পুরনো দায়িত্বে ফেরাতে চেয়েছিল ইংল্যান্ডের বোর্ড। কিন্তু তাকে রাজি করাতে পারল না।
ইংল্যান্ডের দায়িত্ব নিলে, পাশাপাশি বেঙ্গালুরুর কোচ হিসেবেও কাজ চালিয়ে যেতে পারবেন ফ্লাওয়ার- তাকে এমন সুযোগ দিতেও প্রস্তুত ছিল ইসিবি। কিন্তু আইপিএল শেষ হওয়ার পরপরই ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুম শুরু হয়ে যাওয়ায় এটাকে বাস্তবসম্মত মনে করেননি তিনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে শুক্রবার ফ্লাওয়ার নিশ্চিত করেন, এই দায়িত্ব নিতে প্রস্তুত নন তিনি।
আগামী সপ্তাহে শুরু হবে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেড। এর আগে লর্ডসে ফ্লাওয়ার বলেন, “হ্যাঁ, আমি নিজেকে সরিয়ে নিয়েছি। ইসিবির সঙ্গে আমার কথা হয়েছে। ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের পদটি যে খালি, সেটা আমরা সবাই জানি। এ বিষয়ে রব কি (ইসিবির ব্যবস্থাপনা পরিচালক) ও ইসিবির সঙ্গে আমার আলোচনা হয়েছে। তবে মূল কথা হলো, বর্তমানে যে কাজ করছি, তা নিয়ে আমি খুব খুশি।”
১৯ অগাস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে। নতুন কোচ নেওয়ার জন্য তাই এক মাসের মতো সময় পাচ্ছে ইসিবি। সেটা না হলে, তিন ম্যাচের সিরিজটিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারেন মার্কাস ট্রেসকোথিক।
কদিন আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সঙ্গে ১৮ বছরের সম্পর্কের ইতি টেনে দিয়েছেন স্টিভেন ফ্লেমিং। ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার আলোচনায় আছে তার নামও। এছাড়া জাস্টিন ল্যাঙ্গার, যিনি এখন আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস এবং দা হান্ড্রেডে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের দায়িত্বে আছেন, তার নামও আছে বিবেচনায়।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য তালিকায় আরও আছেন রিচার্ড ডসন, জোনাথান ট্রট, মাইক হেসন, টম মুডি ও কুমার সাঙ্গাকারা।
নিউ জিল্যান্ড হেরাল্ডকে বৃহস্পতিবার সাবেক কিউই অধিনায়ক ফ্লেমিং বলেন, ইসিবি এখনও তার সঙ্গে যোগাযোগ করেনি। তবে তিনি গুঞ্জনের কথা জানেন এবং এতে সম্মানিতও বোধ করছেন।
“সম্মানের জায়গা থেকে আমি অবশ্যই বিষয়টি বিবেচনা করতাম। অন্য কোনো দেশ যদি মনে করে, তাদের দলে কেউ ভালো কিছু যোগ করতে পারবে, সেটি অবশ্যই তার জন্য গৌরবের।”
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। নতুন অধিনায়কও এখনও নির্ধারণ করেনি ইংলিশরা। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেছেন, নতুন কোচ এসে সেই সিদ্ধান্ত নেবেন।