অভিষেকে হ্যাটট্রিক, ২৫৪ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ নর্টন
১২০ বছরের মধ্যে এই প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকে হ্যাটট্রিক করলেন কোনো ক্রিকেটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের উপলক্ষ স্মরণীয় করে রাখলেন টম নর্টন। হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লেখালেন ১৮ বছর বয়সী ইংলিশ পেসার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে গ্ল্যামরগনের হয়ে সমারসেটের বিপক্ষে এই স্বাদ পেয়েছেন নর্টন। কার্ডিফে ম্যাচের দ্বিতীয় দিন শনিবার সমারসেটের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে পরপর তিন বলে জেমস রু, টম ল্যামনবি ও আর্চি ভনকে বিদায় করেন তিনি।
১২০ বছরের মধ্যে এই প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকে হ্যাটট্রিক করলেন কোনো ক্রিকেটার। সবশেষ ১৯০৬ সালে এই কীর্তি গড়েছিলেন হার্বার্ট সেজউইক।
১৮ বছর ২৭৪ দিন বয়সে এই নজির গড়ে প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে অভিষেকে হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ ক্রিকেটারও এখন নর্টন।
এই ম্যাচের আগে স্বীকৃত ক্রিকেটে নর্টনের অভিজ্ঞতা বলতে ছিল শুধু একটি লিস্ট ‘এ’ ম্যাচ। কার্ডিফেই গত বছরের অগাস্টে ওয়ানডে কাপের ওই ম্যাচে লেস্টারশায়ারের বিপক্ষে ৪১ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
প্রথম শ্রেণির অভিষেকে প্রথম ইনিংসে তিনি ৩ উইকেট নিতে পারেন ৭৫ রানে। দ্বিতীয় ইনিংসে রোববার সমারসেটের নবম উইকেট পতন পর্যন্ত হ্যাটট্রিকসহ তার শিকার ৪ উইকেট।
