ভালো খেলে দেশের মানুষের মন ভালো করতে চান হাথুরুসিংহে
দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভালো খেলার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর বড় সুযোগ দেখেন বাংলাদেশের প্রধান কোচ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে সৃষ্ট অস্থিরতায় অনুশীলনে ব্যাঘাত ঘটায় আগেভাগে পাকিস্তান চলে গেলেও, সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবগত বাংলাদেশ ক্রিকেটে দলের সবাই। তাই ভালো খেলে দেশের মানুষের মন ভালো করতে চান বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।
গত মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়া কোটাবিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় তীব্র গণ আন্দোলনে। শুরুর দিকে শান্তিপূর্ণ থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সহিংসতা দেখা যায়। এই আন্দোলন ঘিরে নিহত হন পাঁচ শতাধিক মানুষ। আর হতাহতের সংখ্যা ছাড়ায় হাজার।
পাকিস্তান সফরের আগে জাতীয় দলের অনুশীলনের জন্য গত ১ অগাস্ট বাংলাদেশে ফেরেন হাথুরুসিংহে। কিন্তু সংঘাত-সংঘর্ষের কারণে একদিনও হোটেল থেকে বের হতে পারেননি হাথুরুসিংহেসহ কোচিং প্যানেলের বাকিরা। তাই ব্যক্তিগত উদ্যোগেই কয়েক দিন অনুশীলন করেন নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদরা।
পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে যথাযথ অনুশীলনের জন্য পূর্ব নির্ধারিত সূচির চার দিন আগেই সে দেশে চলে যায় বাংলাদেশ দল। লাহোরের তিন দিনের প্রস্তুতি পর্ব শেষে তারা এখন টেস্ট সিরিজের ভেন্যু রাওয়ালপিন্ডিতে।
সোমবার দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে ওঠে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা। নিজের মনের অবস্থার কথা জানিয়ে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন হাথুরুসিংহে।
“অবশ্যই! (জাতীয় দলের সামনে দেশের মানুষের মন ভালো করার সুযোগ) শতভাগ। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব উপকার হবে।”
“(গণ আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। কঠিন সময় ছিল। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর মিলবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। সবকিছু খুবই কঠিন ছিল। আমার জন্য খুব আবেগপ্রবণ ছিল।”
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হবে প্রথম টেস্ট।
