Published : 30 Apr 2025, 12:11 PM
আগামী মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। আইসিসি ভবিষ্যৎ সফরসূচিতে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ছিল বাংলাদেশের এই সফরে। ওয়ানডে সিরিজ বাদ দিয়ে বাড়ানো হয়েছে টি-টোয়েন্টির সংখ্যা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বাংলাদেশের এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে পিসিবি। লাহোর ও ফয়সালাবাদে হবে সিরিজের ম্যাচগুল।
ভবিষ্যৎ সফরসূচিতে পরিবর্তন আনার ব্যাখ্যায় পিসিবি জানিয়েছে, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় বিসিবির সঙ্গে সমঝোতার ভিত্তিতে সামনের সফরে শুধু বিশ ওভারের ক্রিকেট খেলার সিদ্ধান্ত হয়েছে।
দুই সপ্তাহের সফরে আগামী ২১ মে পাকিস্তান যাবে বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে হবে প্রথম দুই ম্যাচ। ২০০৮ সালের পর এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করবে ফয়সালাবাদ।
ওই মাঠের সবশেষ ম্যাচটিতেও খেলেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা।
সিরিজের বাকি তিন ম্যাচ খেলতে লাহোর চলে যাবে দুই দল। গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে, ১ ও ৩ জুন হবে ম্যাচ তিনটি। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
টি-টোয়েন্টিতে এর আগে তিনটি পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২১ সালে এবং গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। ঘরের মাঠে খেলা ওই তিনটি সিরিজই জিতেছে বাংলাদেশ।
২০২০ সালে সবশেষ পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। গত বছর তারা দুটি টেস্ট ম্যাচও খেলেছে পাকিস্তানের মাঠে।
পাকিস্তান এখন পর্যন্ত শুধু নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ বা তার বেশি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে।