Published : 24 Dec 2025, 01:08 PM
মড়ার ওপর খাঁড়ার ঘা বুঝি একেই বলে। ইংল্যান্ডের চরম হতাশার সিরিজে একটু উজ্জ্বল ছিলেন জফ্রা আর্চার। কিন্তু সিরিজ হেরে যাওয়া দলটি পরের দুই টেস্টে পাচ্ছে না চোটপ্রবণ এই ফাস্ট বোলারকে। আরেক দফা চোট তাকে ছিটকে দিয়েছে সিরিজ থেকে। বাজে পারফরম্যান্সের জন্য তুমুল সমালোচনার মধ্যে থাকা অলিভার পোপ জায়গা হারিয়েছেন একাদশে।
বক্সিং ডে টেস্টের ইংল্যান্ড একাদশে আর্চারের জায়গায় ফিরছেন গাস অ্যাটকিনসন। পোপের বদলে সুযোগ পাচ্ছেন জেকব বেথেল।
সবশেষ অ্যাডিলেইড টেস্টে ইংল্যান্ড হারলেও বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন আর্চার, দ্বিতীয় ইনিংসেও উইকেট নেন ১টি। ব্যাট হাতে করেন ফিফটি। কিন্তু সাইড স্ট্রেইন তাকে থমকে দিল সিরিজ শেষ হওয়ার আগেই।
দীর্ঘ চোট কাটিয়ে গত জুলাইয়ে টেস্ট ক্রিকেটে ফেরেন তিনি চার বছর পর। এই দফায়ও খুব বেশি দিন তার থাকা হলো না মাঠে। মঙ্গলবার মেলবোর্নে স্ক্যান করানোর পর তার চোটের তীব্রতা প্রকাশ্য হয়। ৩০ বছর বয়সী পেসার ফিরে যাবেন দেশে। ইংল্যান্ডের ম্যানেজমেন্টের আপাতত আশা, ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যাবে তাকে।
একাদশে ফেরা অ্যাটকিনসন এই সিরিজে প্রথম টেস্টে উইকেট পাননি একটিও, পরের টেস্টে নেন তিন উইকেট।
পোপের বাদ পড়া অনেকটা অনুমিতই ছিল। সিরিজের প্রথম টেস্টে কিছু রান করলেও (৪৬ ও ৩৩), পরের দুই টেস্টে তিনি ব্যর্থ পুরোপুরি। সিরিজে ছয় ইনিংসে তার রান ২০.৮৩ গড়ে ১২৫। গতবারও অস্ট্রেলিয়া সফরে সিরিজের মাঝে একাদশে জায়গা হারিয়েছিলেন তিনি। অ্যাশেজে মোট ১৬ ইনিংস খেলেও তার কোনো ফিফটি নেই, ব্যাটিং গড় ১৭.৬২।
গত ইংলিশ গ্রীষ্মেও তিনি ছিলেন দলের সহ-অধিনায়ক। বেন স্টোকসের অনুপস্থিতিতে গত জুলাইয়ে ভারতের বিপক্ষে একটি টেস্টে নেতৃত্বও দেন দলকে। কিন্তু অ্যাশেজের আগে তাকে সহ-অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এবার একাদশেও হারালেন জায়গা। ব্যাটিং টেকনিকের কারণে নানা সময়ে আলোচনায় উঠে এসেছেন তিনি, শীর্ষ মানের বোলিংয়ের বিপক্ষে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার-বিশ্লেষকদের অনেকে। ৬৪ টেস্ট খেলা ২৭ বছর বয়সী ব্যাটসম্যানের ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মোড়ে।
তার বদলে সুযোগ পাওয়া বেথেলকে মনে করা হয় ইংল্যান্ডের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের একজন। ২২ বছর বয়সী অলরাউন্ডার চার টেস্ট খেলে ফিফটি করেছেন তিনটি, বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছেন তিনটি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬ ম্যাচ খেলে তার কোনো সেঞ্চুরি নেই। সিনিয়র ক্রিকেটে প্রায় দেড়শ ম্যাচ খেলে একটি কেবল সেঞ্চুরি করেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে। তবে ইংল্যান্ডের রঙিন পোশাকের দুই সংস্করণের দলে এখন তিনি নিয়মিত মুখ। এখন তার সামনে সুযোগ টেস্ট দলেও জায়গা পাকা করার।
ইংল্যান্ডের মূল স্পিনার শোয়েব বাশিরকে একাদশের বাইরে রাখা হলো এই টেস্টেও। স্পিনের কাজ চালাবেন আবারও উইল জ্যাকস, যিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার।
মদ্যপানের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় থাকা ওপেনার বেন ডাকেট ধরে রেখেছেন জায়গা।
সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের চ্যালেঞ্জ এখন হোয়াইটওয়াশ এড়ানোর।