১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৫০, ৮৩, ৫৭, ৮৮ রানের পর ৮৫, ব্রিটস্কির আরও যত কীর্তি

ওয়ানডে ক্যারিয়ারে শুরুর স্বপ্নময় পথচলায় রানের বন্যা বইয়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।

১৫০, ৮৩, ৫৭, ৮৮ রানের পর ৮৫, ব্রিটস্কির আরও যত কীর্তি
ম্যাথু ব্রিটস্কির ব্যাটে রানের জোয়ার চলছেই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজের শেষ ও ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি, তবে ম্যাথু ব্রিটস্কির ফর্মে মরচে ধরেনি একটুও। ওয়ানডে ক্যারিয়ারে অবিশ্বাস্য শুরু করা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফিরেই পঞ্চাশ স্পর্শ করলেন আরও একবার। তার নাম খোদায় হয়ে গেল ইতিহাসের আরও কয়েকটি পাতায়।

গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের ইনিংস খেলেই একটি অনন্য কীর্তি গড়েন ব্রিটস্কি। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা প্রথম ব্যাটসম্যান হয়ে যান তিনি।

তার সেই রেকর্ড আরও সমৃদ্ধ হলো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পঞ্চাশ ছুঁয়ে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে পঞ্চাশ ছোঁয়া প্রথম ব্যাটসম্যানও হলেন তিনি।     

ক্যারিয়ারের প্রথম চার ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছিলেন নভজোত সিং সিধু। সাবেক ভারতীয় ব্যাটসম্যানের চার ইনিংস ছিল পাঁচ ম্যাচে। মাঝে একটি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

ওয়ানডেতে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ ছোঁয়া দক্ষিণ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার ব্রিটস্কি। তার আগে এই স্বাদ পেয়েছেন জন্টি রোডস, কুইন্টন ডি কক (২ বার) ও হাইনরিখ ক্লসেন। 

টানা ৯ ইনিংসে পঞ্চাশ ছুঁয়ে বিশ্ব রেকর্ডটা পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের। 

লর্ডসে বৃহস্পতিবার চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ব্রিটস্কি ফিফটি করেন ৫৭ বলে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনাও জাগান তিনি। কিন্তু ৮৮ রানে জফ্রা আর্চারের বলে এলবিডব্লিউ হয়ে যান ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। তার ৭৭ বলের ইনিংসটি গড়া ৭ চার ও ৩ ছক্কায়।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় ব্রিটস্কির। লাহোরে সেদিন ওপেনিংয়ে নেমে উপহার দেন ১৪৮ বলে ১৫০ রানের ইনিংস। ওয়ানডে অভিষেকে প্রথম দেড়শ ছোঁয়া ইনিংস সেটি।

পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে নেমে তিনি করেন ৮৪ বলে ৮৩। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকায় পরের ওয়ানডে ম্যাচটি খেলতে তাকে অপেক্ষা করতে হয় পাঁচ মাসের বেশি সময়।

গত মাসে অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫৬ বলে ৫৭ রান করেন তিনি চার নম্বরে নেমে। একই পজিশনে নেমে পরের ম্যাচে খেলেন ৭৮ বলে ৮৮ রানের ইনিংস।

হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডেতে বাইরে থাকতে হয় তাকে। এবার ফিরেই উপহার দিলেন আরেকটি দুর্দান্ত ইনিংস।

পাঁচ ম্যাচে ৯২.৬০ গড়ে তার মোট রান এখন ৪৬৩! একটি সেঞ্চুরির পাশে ফিফটি চারটি।

ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডে ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান এটিই। ব্রিটস্কি পেছনে ফেলে দিলেন নেদারল্যান্ডসের টম কুপারের ৩৭৪ রানকে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্রিটস্কির অন্যান্য সংস্করণের শুরুটা অবশ্য এত ভালো হয়নি। ২ টেস্ট রান মোটে ১৪। ১০ টি-টোয়েন্টিতে ফিফটি কেবল একটি।