১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞা থেকে মুক্ত ডিকওয়েলা

সব ধরনের ক্রিকেটে খেলার ছাড়পত্র পেয়েছেন শ্রীলঙ্কার এই কিপার-ব্যাটসম্যান।

নিষেধাজ্ঞা থেকে মুক্ত ডিকওয়েলা
নিরোশান ডিকওয়েলা। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2024, 05:41 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

ডোপিংয়ের দায়ে পাওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন নিরোশান ডিকওয়েলা। সব ধরনের ক্রিকেটে খেলার ছাড়পত্র পেয়েছেন শ্রীলঙ্কার এই কিপার-ব্যাটসম্যান।

গত লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে ক্রিকেটারদের একটি ডোপ পরীক্ষা করানো হয়। বিশ্ব অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী হওয়া সেই পরীক্ষায় ব্যর্থ হন ডিকওয়েলা। গত অগাস্টে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে শ্রীলঙ্কা অ্যান্টি-ডোপিং এজেন্সি।  

ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন ডিকওয়েলা। প্রমাণপত্র জমা দিয়েছিলেন যে, টুর্নামেন্ট চলাকালে কোনো নিষিদ্ধ পদার্থ তিনি গ্রহণ করেননি এবং চিহ্নিত পদার্থটি খেলার পারফরম্যান্স বাড়ানোর সঙ্গে সম্পর্কিত নয়।

আপিল সফল হওয়ার পর অবিলম্বে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে সব ধরনের ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

ক্যারিয়ারে বিতর্কিত কাণ্ড করে খবরের শিরোনামে আগেও এসেছেন ডিকওয়েলা। ২০২১ সালে করোনাকালীন সময়ে বায়ো-বাবল প্রটোকল ভঙ্গের দায়ে নিষিদ্ধ হওয়া শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের একজন ছিলেন তিনি। 

তিন সংস্করণেই শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ডিকওয়েলা। ৫৪ টেস্টে ২ হাজার ৭৫৭ রান, ৫৫ ওয়ানডেতে ১ হাজার ৬০৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় তার দুটি সেঞ্চুরি আছে ওয়ানডেতে।

সবশেষ তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২০২৩ সালের মার্চে, ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে। ওই ম্যাচে স্রেফ ৭ রান করার পর বাদ পড়েন তিনি। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি।