Published : 23 Apr 2026, 05:09 PM
আইপিএল খেলার অনাপত্তিপত্র না পেয়ে আদালতের দ্বারস্থ হওয়া নুয়ান থুশারা সিদ্ধান্ত বদলেছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বিরুদ্ধে কলম্বো জেলা আদালতে দায়ের করা মামলাটি তুলে নিয়েছেন এই পেসার।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের বৃহস্পতিবারের প্রতিবেদনে লিখেছে, এবারের আইপিএলের বেশিরভাগ খেলা ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় মামলাটি প্রত্যাহারের ইচ্ছার কথা কলম্বোর জেলা আদালতকে জানিয়েছেন ৩১ বছর বয়সী থুশারা।
ক্রিকইনফো আরও জানিয়েছে, গত সপ্তাহেই নাকি এসএলসিতে চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছেন থুশারা।
২০২৫ আইপিএলের নিলামে এক কোটি ৬০ লাখ রুপিতে থুশারাকে দলে নিয়েছিল শিরোপাধারী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আসরের জন্য তাকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি।
কিন্তু ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় থুশারাকে আইপিএলে খেলতে যাওয়ার অনাপত্তিপত্র দেয়নি এসএলসি। পরে চলতি মাসের শুরুতে বোর্ডের বিরুদ্ধে মামলা করেন তিনি।
মূল আবেদনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বলেন থুশারা। অনাপত্তিপত্র না পাওয়াকে অযৌক্তিক এবং তার জীবিকার পথে বাধা বলে উল্লেখ করেন তিনি।
মামলায় এসএলসি সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোদালিয়াদ্দা ও প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভাকে বিবাদী করা হয়। গত ৯ এপ্রিল শুনানিতে এসএলসি তাদের আপত্তির কথা জানায়।
থুশারার সিদ্ধান্ত বদলে সেই সব ঝামেলা মিটে গেল।
শ্রীলঙ্কার হয়ে ৩০টি টি-টোয়েন্টি খেলা থুশারা ২০২৪ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেন। সেবার সাত ম্যাচ খেলে আট শিকার ধরেন তিনি। আর গত আসরে বেঙ্গালুরুর জার্সিতে এক ম্যাচ খেলার সুযোগ পেয়ে তিনি উইকেট নেন একটি।