১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান অব দা ম্যাচ যখন ‘বোলার’ ম্যাক্সওয়েল, সামনে কেবলই গেইল

ব্যাটিং না করেও স্রেফ বোলিং পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ-সেরার রেকর্ডে তার ওপরে এখন কেবল ক্রিস গেইল।

ম্যান অব দা ম্যাচ যখন ‘বোলার’ ম্যাক্সওয়েল, সামনে কেবলই গেইল
ম্যাক্সওয়েলের আবেদন ও উল্লাস। ছবি: ওয়াশিংটস ফ্রিডম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 01:44 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

‘ব্যাটিং না করেই ম্যাচ-সেরা, আই অ্যাম অ্যাবসলিউটলি লাভিং ইট…”, ঠিক গত জুলাইয়ে বলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মেজর লিগ ক্রিকেটের ম্যাচে সেদিন ব্যাটিং না করেই ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি বল হাতে তিন উইকেট নিয়ে। এবার সেই স্মৃতিই ফিরিয়ে আনলেন তিনি। আবারও ম্যাচ-সেরা হলেন ব্যাটিং না করে, বোলিংয়ে তিন উইকেট নিয়ে।

মেজর লিগ ক্রিকেটে সিয়াটল ওর্কাসের বিপক্ষে এই বোলিং ঝলক দেখান ওয়াশিংটন ফ্রিডম অধিনায়ক। নতুন বলে তার অফ স্পিন আর সৌরাভ নেত্রাভাল্কারের বাঁহাতি পেসে স্রেফ ৮২ রানেই গুটিয়ে যায় সিয়াটল। ওয়াশিংটনের আট উইকেটের জয়ে ব্যাটিংয়ে নামতে হয়নি ম্যাক্সওয়েলকে।

৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন নেত্রাভাল্কার। তবে ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ম্যাক্সওয়েল।

গত ১৪ জুলাই লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ-সেরা হয়েছিলেন তিনি ১৫ রানে ৩ উইকেট নিয়ে।

টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হওয়ার পথে আরও চার দফায় তিন উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল, আরও চারবার নিয়েছেন দুই উইকেট ও আটবার নিয়েছেন এক উইকেট। সেই প্রতিটিতেই ম্যাচ-সেরা হওয়ার পথে ভূমিকা ছিল তার ব্যাটিংয়ের। ব্যাটিং না করেই ম্যাচ-সেরা হলেন স্রেফ এই দুবার।

এই নিয়ে এই সংস্করণে ৪৫ বার ম্যাচ-সেরা হলেন ম্যাক্সওয়েল। স্পর্শ করলেন তিনি ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে। ২০ ওভারের ক্রিকেটে তাদের চেয়ে বেশি বার ম্যাচ-সেরা হয়েছেন কেবল ক্রিস গেইল। 

৪৬৩ ম্যাচে ৬০ বার ম্যান অব দা ম্যাচের স্বীকৃতি পেয়েছেন ‘ইউনিভার্স বস’ গেইল। হেলস ৪৫ বার সেরা হয়েছেন ৫০১ ম্যাচ খেলে, ম্যাক্সওয়েল ৪৭৫ ম্যাচ খেলে। ৭০৩ ম্যাচ খেলে ৪৪ বার সেরা হয়েছেন কাইরন পোলার্ড, ৫৬০ ম্যাচে ৪৪ বার আন্দ্রে রাসেল।

ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া ম্যাচে টস জিতে বোলিং নেন ম্যাক্সওয়েল। ম্যাচের প্রথম বলেই শায়ান জাহাঙ্গিরকে বিদায় করেন নেত্রাভাল্কার। পরের ওভারে স্টিভেন টেইলরকে ফেরান ম্যাক্সওয়েল। 

এই ধারা চলতে থাকে। তৃতীয় ওভারে নেত্রাভাল্কারের শিকার সিকান্দার রাজা, চতুর্থ ওভারে অ্যারন জোন্সকে এলবিডব্লিউ করেন ম্যাক্সওয়েল।

পঞ্চম ওভারে নেত্রাভাল্কার উইকেট পাননি, তবে পাওয়ার প্লের শেষ ওভারে ম্যাক্সওয়েল ঠিকই আদায় করেন আরেকটি উইকেট। বিদায় করেন বিপজ্জনক কাইল মেয়ার্সকে। 

পাওয়ার প্লেতে ম্যাক্সওয়েলের বোলিং ফিগার ছিল ৩-০-১০-৩! পরে দশম ওভারে ফিরে রান দেন মাত্র ২। 

নেত্রাভাল্কার শেষ দিকে ফিরে আরেকটি উইকেট নেন। সিয়াটল গুটিয়ে যায় ৮২ রানে।

সিয়াটলের নেতৃত্ব ছেড়ে দেওয়া হাইনরিখ ক্লসেন স্রোতের বিপরীতে ব্যাট করে চার ছক্কায় করেন ৩৯ বলে ৪৮। অতিরিক্তসহ বাকি সব ব্যাটসম্যান মিলে করেন ৩৪! আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

রান তাড়ায় রাচিন রাভিন্দ্রা করেন ২৩ বলে ৩২, মুখতার আহমেদ ২১ বলে অপরাজিত ৩৬। ৯.২ ওভারে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে আগেই প্লে-অফ নিশ্চিত করা ওয়াশিংটন।