১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইনিংস ব‍্যবধানেই জিতল নিউ জিল‍্যান্ড

আয়ারল‍্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট তিন দিনেই জিতে নিয়েছে টম ল‍্যাথামের দল।

ইনিংস ব‍্যবধানেই জিতল নিউ জিল‍্যান্ড
আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন ব্লেয়ার টিকনার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 09:41 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

দ্বিতীয় ইনিংসে উন্নতি করতে পারলেনও ইনিংস ব‍্যবধানে হার এড়াতে পারল না আয়ারল‍্যান্ড। ব্লেয়ার টিকনারের পাঁচ উইকেটে তিন দিনেই একমাত্র টেস্ট জিতে নিল নিউ জিল‍্যান্ড। 

টম ল‍্যাথামের দল জিতেছে ইনিংস ও ৭৯ রানে। প্রথম ইনিংসে ১৭৯ রান করা আয়ারল‍্যান্ড এবার থেমেছে ২৩২ রানে। 

৭৬ রানে পাঁচ উইকেট নিয়ে সফরকারীদের সফলতম বোলার টিকনার। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া ন‍্যাথাম স্মিথ এবার নিয়েছেন দুই উইকেট। 

বেলফাস্টে শুক্রবার দুই উইকেটে ৬৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে আয়ারল‍্যান্ড। নিউ জিল‍্যান্ডকে ফের ব‍্যাটিংয়ে নামাতে আরও ২৪৬ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। সেই লক্ষ‍্যের ধারেকাছে যেতে পারেনি তারা, চার দিনের ম‍্যাচ নিয়ে যেতে পারেনি শেষ দিনেও। 

দিনের শুরুতেই টমাস মায়েসকে ফিরিয়ে দেন স্মিথ। হ‍্যারি টেক্টরকে দ্রুত বিদায় করেন টিকনার। হাতে চোট পেয়ে কার্টিস ক‍্যাম্ফার ফিরে গেলে বিপদ আরও বাড়ে আয়ারল‍্যান্ডের। পরে আর ব‍্যাটিংয়ে নামতে পারেননি এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। 

এক প্রান্ত আগলে রেখে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন স্টিভেন ডোহেনি। চমৎকার ডেলিভারিতে আইরিশ ওপেনারের প্রতিরোধ ভাঙেন টিকনার। ১১৭ বলে ৯ চারে ৫৭ রান করেন ডোহেনি। 

প্রথম ঘণ্টার পর বৃষ্টি নামলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা শুরুর পর বেশিক্ষণ টেকেনি স্বাগতিকদের ইনিংস। ১০৪ রানে কার্যত ছয় ব‍্যাটসম‍্যানকে হারানো আয়ারল‍্যান্ড এরপর এগোয় পাল্টা আক্রমণে।

৭০ বলে এক ছক্কা ও আট চারে ৫০ রান করা লর্কান টাকারকে ফিরিয়ে ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট নেন স্মিথ। নয়ে নেমে ৪৭ বলে সাত চারে ৪৪ রানের ইনিংসে দলকে আড়াইশ রানের কাছে নিয়ে যান মার্ক অ‍্যাডায়ার।

অ‍্যাডায়ারের সঙ্গে ৫৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন লিয়াম ম‍্যাককার্থি। ঝুঁকিপূর্ণ তিন রানের চেষ্টায় তিনি রান আউট হলে ভাঙে কিউইদের বিরক্ত করা জুটি। রুবেন উইলসনকে ফিরিয়ে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ক‍্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার উচ্ছ্বাসে মাতেন টিকনার। টেস্টে তার আগের সেরা ছিল ৩২ রানে ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল‍্যান্ড ১ম ইনিংস: ৪৯০/৮ (ডিক্লে.) 

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ১৭৯ 

আয়ারল্যান্ড ২য় ইনিংস: (ফলো অন, আগের দিন) ৬৩.২ ওভারে ২৩২ (ডোহেনি ৫৭, মায়েস ৫, টেক্টর ২, ক‍্যাম্ফার ৪ আহত অবসর, টাকার ৫০, ম‍্যাকব্রাইন ১৩, অ‍্যাডায়ার ৪৪*, ম‍্যাককার্থি ১১, উইলসন ৪; স্মিথ, ১৫-৬-৫৩-২, ফোকস ১৪-৩-৫০-১, টিকনার ১৭.২-৩-৭৬-৫, সিয়ার্স ১৫-৬-৩৭-০, মিচেল ২-২-০-০)।