১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে গ্রেভস-রাদারফোর্ড-ওয়ারিক্যান

বাদ পড়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট, জশুয়া দা সিলভা, কাভেম হজ।

উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে গ্রেভস-রাদারফোর্ড-ওয়ারিক্যান
ওয়েস্ট ইন্ডিজ দল। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 07:43 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

নতুন কেন্দ্রীয় চুক্তিতে তিনটি পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সাবেক টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, জশুয়া দা সিলভা ও কাভেম হজ বাদ পড়েছেন। তাদের জায়গায় এসেছেন জাস্টিন গ্রেভস, শেরফেইন রাদারফোর্ড ও জোমেল ওয়ারিক্যান।

২০২৫-২৬ মৌসুমের জন্য দেওয়া কেন্দ্রীয় চুক্তিতে জায়গা ধরে রেখেছে মূল খেলোয়াড়রা- শেই হোপ, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, জেডেন সিলসরা।

সিডব্লিউইআইয়ের ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব বলেন, বর্তমান পারফরম্যান্স ও দীর্ঘ মেয়াদী সম্ভাবনা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দেওয়া হয়েছে। একই সঙ্গে বড় বৈশ্বিক টুর্নামেন্টের জন্য প্রস্তুতির বৃহত্তর কৌশলের দিকেও গভীর মনোযোগ রাখা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে দীর্ঘমেয়াদী সাফল্যের পথে নেওয়ার যে রূপরেখা, তার সঙ্গে মিল রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরুষ ক্রিকেটে স্টার্টার (ডেভেলপমেন্ট) চুক্তিতে আছেন তিন জন। অ্যাকাডেমি চুক্তিতে রাখা হয়েছে ১৫ জনকে।

আর মেয়েদের কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১৩ জন, দুই জন আছেন স্টার্টার চুক্তিতে। মেয়েদের অ্যাকাডেমিতে আছেন ১৪ জন। 

ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স এখন মোটেও ভালো হচ্ছে না। চলমান উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে জায়গা পায়নি তারা। পুরুষদের ক্রিকেটে অবস্থা আরও খারাপ। অস্ট্রেলিয়ার মাটিতে গত জুলাইয়ে হোয়াইটওয়াশড হয় তারা। সিরিজের শেষ ইনিংসে তারা অলআউট হয় ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ২৭ রানে। 

এরপর জরুরি মিটিং ডাকে সিডব্লিউআই। এর মাঝে গত মাসের শেষ দিকে নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টিতে সিরিজে হারে ওয়েস্ট ইন্ডিজ। তারা অগাস্টে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে; কিন্তু হেরেছে টি-টোয়েন্টি সিরিজে।  

ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ২০২৫-২৬

আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, জোমেল ওয়ারিক্যান।