২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ক্রিকেটীয় স্পিরিটের দারুণ নজির দেখালেন ফখর

প্রতিপক্ষের খেলোয়াড়রা আউটের আবেদন না করলেও হাঁটা শুরু করে দেন পাকিস্তানের ব্যাটসম্যান।

ক্রিকেটীয় স্পিরিটের দারুণ নজির দেখালেন ফখর

ক্রিজ ছাড়ছেন ফখর জামান, উল্লাস ভারতীয়দের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 10:34 PM

Updated : 28 Aug 2022, 10:41 PM

পেসার আভেশ খানের শর্ট বল অফ সাইডে খেলার চেষ্টায় ঠিকমতো পারলেন না ফখর জামান। কিপার দিনেশ কার্তিক বল গ্লাভসে জমিয়ে ফেরত পাঠাতে উদ্যত হলেন। হঠাৎ ব্যাটসম্যান ফখর হাঁটা দিলেন ড্রেসিংরুমের পথে! ঘটনার আকস্মিকতায় সবাই তখন কিছুটা অবাক।

আবেদন করেননি বোলার, আবেদন করেননি কিপার কিংবা কেউ। তবে ব্যাটে আলতো করে বল ছুঁয়ে গেছে বুঝে নিজ থেকেই ক্রিজ ছেড়ে যান ফখর।

দুবাইয়ে রোববার এশিয়া কাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ক্রিকেটীয় স্পিরিটের এই উদাহরণ মেলে ধরেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান ফখর।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান তৃতীয় ওভারে হারায় অধিনায়ক বাবর আজমকে। এরপরই উইকেটে যান ফখর। প্রথম বলেই তিনি চার মারেন ভুবনেশ্বর কুমারকে।

পাওয়ার প্লের শেষ ওভারে তার ওই আউট। ফখরকে ক্রিজ ছাড়তে দেখে বোলার আভেশও অবাক হয়ে যান, সেভাবে উদযাপনও করতে পারেননি। কিপার কার্তিক শুরুতে বুঝেই উঠতে পারছিলেন না। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার হাসিতে ফুটে ওঠে, খানিকটা চমকে গেছেন তিনিও।

পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে ছুঁয়েছিল সামান্য।

এ দিন শর্ট বলই মূলত কাল হয় পাকিস্তানের জন্য। প্রথম পাঁচ ব্যাটসম্যানই আউট হন শর্ট বলে। ১৯.৫ ওভারে তারা অলআউট হয় ১৪৭ রানে।