ইউনিভার্স বসকে ছাড়িয়ে রানের চূড়ায় পোলার্ড
টি-টোয়েন্টি ইতিহাসের সফলতম ব্যাটসম্যান এখন কাইরন পোলার্ড, সেঞ্চুরির ইনিংস দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে।
ক্রিস গেইলকে বলা হয় ‘টি-টোয়েন্টির ব্র্যাডম্যান।’ টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে তার আবেদন ও অবদান গোটা ক্রিকেট বিশ্বই জানে। ‘ইউনিভার্স বস’ নামটাও তাই তার সঙ্গে মানিয়ে যায় দারুণভাবে। তবে রেকর্ড-পরিসংখ্যান তো চলতে থাকে আপন গতিতে। সেখানেই গেইলের গৌরবের একটি রেকর্ড নিজের করে নিলেন কাইরন পোলার্ড। টি-টোয়েন্টি ইতিহাসের সফলতম ব্যাটসম্যান এখন তিনিই।
মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে এমআই নিউ ইয়র্কের হয়ে অপরাজিত সেঞ্চুরির পথে পোলার্ড ছাড়িয়ে যান গেইলকে।
বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচটি শুরুর হয় পোলার্ড ছিলেন ৮০ রান পেছনে। ডালাসে এই ম্যাচে দল হারলেও পোলার্ড অপরাজিত থাকেন ৫৬ বলে ১০০ রান করে।
তার রান এখন ১৪ হাজার ৫৮২। গেইল নেমে গেছেন দুইয়ে। ক্যারিয়ার শেষ করেছেন তিনি ১৪ হাজার ৫৬২ রান নিয়ে।
গেইলের রান ছাড়িয়ে যেতে অবশ্য ১৯৮ ইনিংস বেশি লেগেছে পোলার্ড। ৪৫৫ ইনিংস খেলে থেমেছেন গেইল, ৬৫৩ ইনিংস খেলে আরও ছুটছেন পোলার্ড।
তবে ইনিংস এত বেশি লাগাটা অনুমিতই এবং সেখানেও ফুটে ওঠে পোলার্ডের ক্যারিয়ারের বিস্ময়কর দীর্ঘস্থায়িত্ব। গেইল ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান। পোলার্ড ক্যারিয়ারের বেশির ভাগই খেলেছেন মিডল অর্ডারে। সবচেয়ে বেশি ২৪৩ ইনিংস খেলেছেন তিনি পাঁচ নম্বরে, ২১৮ ইনিংস ছয় নম্বরে। চার নম্বরে খেলেছেন ৯৭ ইনিংস। সাত ও আট মিলিয়ে খেলেছেন ৭৩ ইনিংস। ওসব পজিশন থেকে বড় ইনিংস খেলা কঠিন। বেশির ভাগ সময়ই ক্রিজে গিয়ে ব্যাট চালিয়ে খেলতে হয়েছে। সেই বিবেচনায় পোলার্ডের এই অর্জন অসাধারণ।
ব্যাটিং পজিশনের কারণে সেঞ্চুরিও কম পোলার্ডের। গেইলের শতরান যেখানে ২২টি, পোলার্ড সেখানে ৭৩৬ ম্যাচের ক্যারিয়ারে সেঞ্চুরি করতে পেরেছে এই ইনিংসটি দিয়েও মাত্র দুটি।
তার পরও রানের তালিকায় সবার ওপরে উঠতে পারায় মিশে আছে তার ধারাবাহিকতার প্রমাণ।
রেকর্ডটি লম্বা সময় নিজের করেই রাখতে হলে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে পোলার্ডকে। তাকে তাড়া করার মতো ব্যাটসম্যানও কম নেই।
১৪ হাজার ৪৪৯ রান নিয়ে তিনে আছেন অ্যালেক্স হেলস, চারে জস বাটলার ১৪ হাজার ৩৭১ রান নিয়ে।
১৪ হাজার রান আছে আরও দুজনের। ১৪ হাজার ২৮৩ রান ডেভিড ওয়ার্নারের, ১৪ হাজার ২১৮ রান ভিরাট কোহলির।
১৪ হাজার রান করা এই ব্যাটসম্যানদের মধ্যে পোলার্ড ছাড়া সবাই সেঞ্চুরি সংখ্যা সাতটি কিংবা আরও বেশি।
পোলার্ডের ব্যাটিং পজিশনের প্রসঙ্গে মনে পড়তে পারে শোয়েব মালিককে। তিনি সবচেয়ে বেশি ২৪৬ ইনিংস খেলেছেন চার নম্বরে, ১৪৩ ইনিংস পাঁচে। রানের তালিকায় সাতে আছেন তিনি ১৩ হাজার ৫৭১ রান নিয়ে। কিন্তু সেঞ্চুরি নেই একটিও!
সেঞ্চুরি ছাড়া ৮ হাজার রানও নেই আর কারও। সাকিব আল হাসান করেছেন ৭ হাজার ৮০৫ রান। তার সর্বোচ্চ ইনিংস ৮৯ রানের।
