Published : 12 Oct 2025, 10:14 PM
লাঞ্চের পর প্রথম চার বলের তিনটি বাউন্ডারিতে পাঠালেন ইয়াশাসভি জয়সওয়াল। পঞ্চম ডেলিভারি সোজা ব্যাটে খেললেন তিনি। বল ধরেই ভারতীয় ওপেনারের দিকে ছুঁড়ে মারলেন বোলার জেডেন সিলস। তাতেই বাঁধল বিপত্তি। এমন আচরণের জন্য শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার।
আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে সিলসকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার কথা রোববার জানায় আইসিসি।পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
চলমান দিল্লি টেস্টের প্রথম দিনের ঘটনা এটি। ভারতের ইনিংসের ২৯তম ওভারে তিন চার হজমের পর বোধহয় মেজাজ হারিয়ে ফেলেন সিলস। তার ছোঁড়া বল লাগে জয়সওয়ালের প্যাডে। সঙ্গে সঙ্গে ক্ষমা চান সিলস। তাতে অবশ্য শাস্তি এড়াতে পারলেন না তিনি।
আইসিসির আচরণবিধির ২.৯ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তির বিরুদ্ধে আপত্তি তোলেন সিলস। শুনানিতে তিনি দাবি করেন, রান আউটের চেষ্টায় বল ছুঁড়ে মেরেছিলেন। তবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিপ্লে পর্যালোচনা করে পাইক্রফট সিদ্ধান্তে পৌঁছান যে, ওই থ্রো ছিল অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত। কারণ ব্যাটসম্যান তখন ক্রিজের ভেতরে ছিলেন এবং বল সরাসরি গিয়ে লাগে তার প্যাডে।
২৪ মাসের মধ্যে সিলসের মোট ডিমেরিট পয়েন্ট হলো দুই। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।
দুই বছর সময়ের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা রূপ নেয় সাসপেনশন পয়েন্টে। কোনো ক্রিকেটার দুটি সাসপেনশন পয়েন্ট পেলে, যে সংস্করণের খেলা আগে থাকে সে অনুযায়ী একটি টেস্ট বা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হন তিনি।
ভারত সফরে দুই টেস্টের সিরিজে এখন ১-০ তে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদে প্রথম টেস্ট ইনিংস ও ১৪০ রানে হারে তারা। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।