Published : 18 Dec 2025, 11:17 AM
বেন ডাকেটকে বোল্ড করেই হাত উঁচিয়ে বাঁধনহারা দৌড়ে ছুটতে থাকলেন ন্যাথান লায়ন। টিভি ক্যামেরা তাক করা হলো ধারাভাষ্যকক্ষে গ্লেন ম্যাকগ্রার দিকে। অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি তখন দুহাত মাথার ওপরে তুলে এমন ভঙ্গি করলেন যে, ‘হায় হায়… সর্বনাশ হয়ে গেল!’ পরমুহূর্তেই পাশে থাকা চেয়ার তুলে ছুড়ে মারতে চাইলেন!
ম্যাকগ্রার অমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসলে কৃত্রিম। সবকিছুই ছিল মজা। উপলক্ষটাই যে অমন!
অ্যাশেজের অ্যাডিলেইড টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা এটি। লায়নের ডেলভারিটিই ছিল দুর্দান্ত। অফ স্পিনারদের স্বপ্নের ডেলিভারি যাকে বলে। তবে উদযাপনের কারণ শুধু সেটিই নয়। ওই উইকেটেই ম্যাকগ্রাকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সফলতম টেস্ট বোলার হয়ে যান লায়ন।
ম্যাকগ্রা তাতে খুশিই ছিলেন। তার মুখে হাসিই ফুটে উঠেছিল লায়নের উইকেটে। পরে যখন বুঝতে পারলেন টিভি ক্যামেরায় ধরা হয়েছে তাকে, তখনই মজা করলেন ওভাবে। পরে তুলে ধরা চেয়ার নামিয়ে রেখে নিজের চেয়ারে বসে আবার হাস্যোজ্জ্বল দেখা গেল তাকে। ফক্স স্পোর্টসের ধারাভাষ্যে তখন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন হাসতে হাসতে বললেন, “ওহ গ্লেন ম্যাকগ্রা… হোয়াট আ লেজেন্ড…।”
লায়নের ক্যারিয়ারে দিনটি স্মরণীয়। ৫৬২ উইকেটে আটকে ছিলেন গত সাড়ে পাঁচ মাস ধরে। অস্ট্রেলিয়ার সবশেষ তিন টেস্টের দুটিতে তাকে একাদশে রাখা হয়নি। দুটিই ছিল গোলাপি বলের টেস্ট। বাকি একটিতে তিনি বোলিং করতে পেরেছেন স্রেফ দুই ওভার।
অবশেষে অপেক্ষার অবসান বৃহস্পতিবার। ইংল্যান্ড ইনিংসে দশম ওভারেই লায়নের হাতে বল তুলে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। সাফল্য ধরা দেয় তৃতীয় বলেই। বাজে শটে উইকেট উপহার দেন অলিভার পোপ। ম্যাকগ্রার উইকেট সংখ্যা স্পর্শ করেন লায়ন।
দুই বল পরই সেই ডেলিভারি। গ্রিপ ও টার্নে পরাস্ত হন ডাকেট। বল ছোবল দেয় অফ স্টাম্পের ওপরের দিকে। ম্যাকগ্রাকে ছাড়িয়ে যান লায়ন।
১২৪ টেস্টে ৫৬৩ উইকেট ছিল ম্যাকগ্রার। তাকে ছাড়িয়ে গেলেন লায়ন ১৪১তম টেস্টে।
১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম টেস্ট বোলার লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন।
ওয়ার্ন বেঁচে থাকতে বলেছিলেন, তার রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন লায়ন। এই অফ স্পিনারের বয়স ৩৮ পেরিয়ে গেছে। তবে এখনও দারুণ ফিট আছেন। ফর্ম তো আছেই। অন্তত ২০২৭ অ্যাশেজ পর্যন্ত খেলার ইচ্ছের কথা তিনি বলেছেন বেশ কবারই।
আগামী বছরের অগাস্ট থেকে টানা অনেক টেস্ট আছে অস্ট্রেলিয়ার। ওয়ার্নকে ছাড়ানো লায়নের জন্য অনেক কঠিন হলেও অসম্ভব নয়।
টেস্ট ইতিহাসে লায়ন এখন ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারি। ৬০৪ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, ৬১৯ উইকেট ভারতীয় কিংবদন্তি আনিল কুম্বলের। পেসারদের মধ্যে সফলতম জিমি অ্যান্ডারসন ৭০৪ উইকেট নিয়ে আছেন তালিকার তিনে। ওয়ার্নের ৭০৮ উইকেট থেকে অনেকটা এগিয়ে ৮০০ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে লঙ্কান জাদুকর মুত্তাইয়া মুরালিদারান।