১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের আগে লায়নের তিন লক্ষ্য

বয়স পেরিয়ে গেছে ৩৭, উইকেট সংখ্যা ছাড়িয়েছে সাড়ে পাঁচশ, তবে অবসরের ভাবনাই নেই ন্যাথান লায়নের, বরং চোখ রাখছেন তিনি কঠিন তিনটি লক্ষ্য পূরণে।

অবসরের আগে লায়নের তিন লক্ষ্য
অবসরের ভাবনাই নেই ন্যাথান লায়নের। ছবি: অস্ট্রেলিয়া মেন'স ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 02:12 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

ন্যাথান লায়ন যে বয়সে আছেন, পারফর্ম করে গেলেও হয়তো অবসর নিয়ে প্রশ্ন তাকে শুনতে হবে নিয়মিতই। তবে তার নিজের এখনও সেই ভাবনাই নেই। ক্যারিয়ারের প্রায় ১৪ বছর হতে চললেও থামার কোনো ইচ্ছেই তার নেই। বরং তাকিয়ে আছেন তিনি বড় তিনটি লক্ষ্য পূরণ করার দিকে- ভারত ও ইংল্যান্ডের মাঠে সিরিজ জিতে দূর করতে চান ক্যারিয়ারের অপূর্ণতা এবং জিততে চান আরও একটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি।

২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া দলে ছিলেন লায়ন। এবারও সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু গত মাসে ফাইনালে ফেভারিট হয়েও তারা হেরে যান দক্ষিণ আফ্রিকার কাছে। 

এরপর দ্রুতই শুরু হয়েছে নতুন চক্র। ওয়েস্ট ইন্ডিজকে বারবাডোজ টেস্টে হারিয়ে নতুন চক্রের শুরুটা প্রত্যাশিত রূপেই করেছে অস্ট্রেলিয়া। পেস সহায়ক উইকেটে পেসারদের সৌজন্যে জয় ধরা দিলেও তিন উইকেট নিয়ে অবদান রেখেছেন লায়নও। এরপর আরও একবার ড্রেসিং রুমে নেতৃত্ব দিয়েছেন বিজয়সঙ্গীত গাওয়ায়।

গত এক যুগ ধরেই এই দায়িত্ব তার। রডনি মার্শের সময় থেকেই চলে আসছে জয়ের পর ড্রেসিং রুমে ‘আন্ডার দা সাউদার্ন ক্রস আই স্ট্যান্ড’ গানটি গাওয়ার রীতি। লায়নের আগের এই গান ধরার দায়িত্ব ছিল মাইক হাসির। ২০১৩ সালে তিনি অবসরে যাওয়ার সময় দায়িত্ব দিয়ে যান লায়নকে।

লায়ন তখন খেলেছেন ১৯ টেস্ট। সেই থেকে ১১৯ টেস্টে তিনি পালন করে আসছেন বিজয়সঙ্গীত গাওয়ার দায়িত্ব। ২০২৩ অ্যাশেজে তিনটি টেস্টে চোটের কারণে তিনি খেলতে পারেননি। ওই সময় দায়িত্বটি তিনি সাময়িকভাবে দিয়েছিলেন অ্যালেক্স কেয়ারিকে। তবে তিন ম্যাচে অস্ট্রেলিয়া জিততে পারেনি, কেয়ারির সৌভাগ্যই হয়নি গান ধরার। পরে লায়ন ফিরে আবার নিয়েছেন দায়িত্ব।

কিন্তু আর কতদিন? প্রশ্নটি লায়নকে করা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে। তিনি শোনালেন, সহসাই নয়। 

“১২-১৩ বছর ধরে এই গান ধরার সম্মান পেয়ে আসছি আমি। আমার ক্যারিয়ারের উজ্জ্বলতম দিকগুলির একটি এটি। বেশ কিছুদিন ধরে এটা নিয়ে ভাবছি। তবে এর মানে নেই নয় যে, দ্রুতই অবসর নিতে যাচ্ছি। আমার অবসরের কোনো আলোচনা নেই, এমনকি এর ভাবনাও আমার মাথায় আসেনি।”

“সবসময়ই বলছি, ভারতের মাঠে সিরিজ জিততে চাই। ইংল্যান্ডে সিরিজ জিততে চাই। বছর দুয়েকের মধ্যেই সেই সুযোগটা অবশ্যই পাব। তবে এটা একটি একটি করে টেস্ট ধরে এগোতে হবে এবং আগে এখানে ওয়েস্ট ইন্ডিজে নিজেদের কাজ ঠিকঠাক করতে হবে। এরপর দেশের মাঠে অ্যাশেজ আমাদের অপেক্ষায়। এছাড়াও আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও আমার লক্ষ্যের তালিকায় থাকবে, জিততে চাই।”

ইংল্যান্ডে সিরিজ ড্র করে অ্যাশেজ ধরে রাখতে পারলেও অস্ট্রেলিয়া সেখানে সিরিজ জিততে পারছে না গত দুই যুগ ধরে। ২০০৪ সালে অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংরা ভারতের সিরিজ জয়ের পর সেখানেও আর সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া।

যদি ততদিন পর্যন্ত সত্যিই খেলতে ও পারফর্ম করতে পারেন লায়ন, শেন ওয়ার্নকেও তিনি পেছনে ফেলে দিতে পারেন উইকেট সংখ্যায়। ৭০৮ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন লেগ স্পিনের জাদুকর। লায়নের উইকেট এখন ৫৫৬টি। অস্ট্রেলিয়া প্রচুর টেস্ট খেলে থাকে। টেস্ট চ্যাম্পিয়নশপের বর্তমান চক্রেই তারা খেলবে ২২টি ম্যাচ। লায়নও সাধারণত পারফর্ম করেন সব কন্ডিশনেই।

তবে তিনি সাফ জানিয়ে দিলেন, ওয়ার্নের উইকেটের দিকে চোখ নেই তার। বরং তিনি অবদান রাখতে চান এই দলকে গ্রেট করে তোলার চেষ্টায়। 

“ওয়ার্নি এখনও অনেক দূরে আছে। আমার চোখে, তিনি খেলাটির সর্বকালের সেরা। আমি স্রেফ সৌভাগ্যবান যে, খুবই স্পেশাল একটি ক্রিকেট দলের অংশ হতে পেরেছি। আমরা একটি গ্রেট টেস্ট দল হয়ে ওঠার পথে আছি… সবসময়ই বলি, এখনও তা হইনি আমরা।”

“সেটা আমরা হতে চাই। এই বোলিং আক্রমণের অংশ হতে পারা ও নিজের ভূমিকা পালন করতে পারাও দারুণ স্পেশাল। এজন্যই আমি খেলে যাচ্ছি।”