Published : 20 Mar 2026, 11:01 PM
চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি মাথিশা পাথিরানা। তাই আইপিএলের শুরুতে শ্রীলঙ্কান পেসারকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। এপ্রিলের মাঝামাঝি সময়ে তাকে পাওয়ার আশা করছেন দলটির প্রধান কোচ আভিশেক নায়ার।
পায়ের পেশির চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যান পাথিরানা। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে তিন ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার বল করে মাঠ ছাড়েন পায়ের সমস্যা নিয়ে।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) তত্ত্বাবধানে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পাথিরানা। সংবাদ সম্মেলনে তার বর্তমান অবস্থার কথা জানান আভিশেক।
“আমরা সবশেষ জানতে পেরেছি যে, সে এখন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে আছে এবং সেখানে তার পুনর্বাসন চলছে। লঙ্কান বোর্ডের সঙ্গে সবশেষ যে যোগাযোগ হয়েছে, তা থেকে আশা করা হচ্ছে, এপ্রিলের মাঝামাঝি কোনো এক সময়ে তারা তাকে ম্যাচ খেলার জন্য ফিট ঘোষণা করতে পারে। এখন পর্যন্ত আমরা এটুকুই জানি।”
গত ডিসেম্বরের নিলাম থেকে ১৮ কোটি রুপিতে পাথিরানাকে দলে নেয় কলকাতা। কিন্তু আসরের শুরুতেই তাকে পাচ্ছে না তারা, যা দলটির জন্য বড় ধাক্কাই বটে।
কলকাতা শিবিরে চোট সমস্যা আছে আরও। এবারের আইপিএল থেকে হার্শিত রানার ছিটকে পড়া একরকম নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, হাঁটুর চোটে ভোগা এই পেসারের অভাব পূরণের পথ খুঁজছে কলকাতা, এমন ইঙ্গিত দিয়েছেন আভিশেক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এই চোট পান হার্শিত। যার ফলে পুরো আসর থেকেই ছিটকে পড়েন তিনি। ঘরের মাঠে ইতিহাস গড়ে বিশ্বকাপ ধরে রাখে ভারত।
আগামী ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা।