Published : 16 Dec 2025, 04:04 PM
বিগ ব্যাশ লিগে অভিষেকের জন্য একদমই অপেক্ষা করতে হলো না রিশাদ হোসেনকে। হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচেই সুযোগ পেলেন তরুণ লেগ স্পিনার। সিডনি থান্ডারের বিপক্ষে উইকেট যদিও পাননি, তবে খুব একটা রানও দেননি তিনি।
হোবার্টে মঙ্গলবার বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয় রিশাদের। অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে এতদিন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান।
সিডনির বিপক্ষে দুই স্পেলে ৩ ওভারে ১৮ রান দিয়েছেন রিশাদ। ২৩ বছর বয়সী লেগ স্পিনার একটি ওভার করেছেন পাওয়ার প্লেতে।
রিশাদ বোলিংয়ে আসেন পঞ্চম ওভারে, দেন ৬ রান। পরের ওভারে ফিরে দেন কেবল ৪ রান।
তার ওই দুই ওভারে স্যাম কনস্টাস ও ক্যামেরন ব্যানক্রফট মিলে নিতে পারেন আটটি সিঙ্গেল ও একটি ডাবল। তিনটি বল ডট খেলেন তারা।
ত্রয়োদশ ওভারে আক্রমণে ফেরেন রিশাদ। এবার এক চারে দেন ৮ রান। রিভার্স সুইপে বাউন্ডারি পান ব্যানক্রফট। বাকি সময়ে আর তাকে বোলিংয়ে আনেননি হোবার্ট অধিনায়ক।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যানক্রফট (৪৪ বলে ৬১), শাদাব খান (২৪ বলে ৩৪) ও ড্যানিয়েল শামস (১১ বলে ২৩) দলকে ৬ উইকেটে এনে দেন ১৮০ রানের বড় সংগ্রহ।