১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৮ কোটি রুপিতে নতুন ঠিকানায় পাথিরানা

আইপিএলের আগামী আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে না শ্রীলঙ্কান এই পেসারকে।

১৮ কোটি রুপিতে নতুন ঠিকানায় পাথিরানা
চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাথিশা পাথিরানা। ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

লড়াইটা চলছিল দিল্লি ক্যাপিটালস ও লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মধ্যে। মাথিশা পাথিরানার মূল্য যখন ছাড়িয়ে গেল ১৫ কোটি, লাক্ষ্ণৌয়ের সঙ্গে লড়াই শুরু করল কলকাতা নাইট রাইডার্স। লঙ্কান এই পেসারকে শেষ পর্যন্ত দলে যোগ করতে পারল তারাই।

আবু ধাবি মঙ্গলবার ২০২৬ আইপিএলের নিলামে পাথিরানাকে নিয়ে চলে কাড়াকাড়ি। দীর্ঘ লড়াই শেষে ১৮ কোটি রুপিতে ২২ বছর বয়সী ক্রিকেটারকে কিনে নেয় তিনবারের আইপিএল শিরোপাজয়ী কলকাতা।

আগামী আইপিএলে তাই চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে না পাথিরানাকে। নতুন দলের হয়ে মাঠ মাতাবেন ডানহাতি এই বোলার।

পাথিরানার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। প্রথম বিড করে দিল্লি। এরপর যোগ দেয় লাক্ষ্ণৌ। লম্বা সময়ের লড়াইয়ের পর যখন হার মানে দিল্লি, দৃশ্যপটে আসে কলকাতা। ১৬ কোটিতে প্রথম বিড করে তারা। শেষ পর্যন্ত যখন ১৮ কোটি পর্যন্ত পৌঁছায় দাম, হার মেনে নেয় লাক্ষ্ণৌ।

২০২২ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলেন পাথিরানা। ২০২৩ ও ২০২৪ আসরের আগে তাকে স্রেফ ২০ লাখ রুপিতে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। আর গত আসরের আগে পাথিরানাকে ১৩ কোটি রুপিতে ধরে রাখে চেন্নাই। এবার নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি।

আইপিএলে এখন পর্যন্ত ৪ আসরে ৩২ ম্যাচ খেলে ৪৭ উইকেট নিয়েছেন পাথিরানা। একবার পেয়েছেন ৪ উইকেটের স্বাদ।

ডেথ ওভারে বেশ কার্যকর পাথিরানা। কলকাতার জন্য দারুণ এক অস্ত্র হতে পারেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০১ ম্যাচ খেলে, ওভারপ্রতি সাড়ে আটের বেশি রান দিয়ে ১৩৬ উইকেট নিয়েছেন পাথিরানা। পাঁচবার পেয়েছেন ইনিংসে চার উইকেটের স্বাদ।