১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সতীর্থের দুর্ভাগ্যে কপাল খুলল ফোকসের

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ন্যাথান স্মিথ।

সতীর্থের দুর্ভাগ্যে কপাল খুলল ফোকসের
পেস বোলিং অলরাউন্ডার জ্যাক ফোকস। ছবি: ব্ল্যাকক্যাপস ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

তলপেটে চোট পেয়েছেন ন্যাথান স্মিথ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার। তার জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার জ্যাক ফোকস।

জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটে জেতা প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় এই চোট পান স্মিথ। ৭৯ বলে ২২ রান করে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি এই ক্রিকেটার। প্রথম ইনিংসে বল হাতে ২০ রান খরচায় নেন ৩ উইকেট।

এমআরআই পরীক্ষায় স্মিথের তলপেটে স্ট্রেইন ধরা পড়ে। এই চোট থেকে সেরে উঠতে আনুমানিক দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে তার। 

স্মিথের বদলি হিসেবে দলে আসা ফোকস নিউ জিল্যান্ডের জার্সিতে একটি ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী ক্রিকেটার এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৯টি; ৫৭ উইকেট নেওয়ার পাশাপাশি রান করেছেন ৫৪৪।

উইল ও’রোককে নিয়েও রয়েছে শঙ্কা। পিঠের সমস্যায় ভুগছেন এই পেসার। নিউ জিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে তাকে পর্যবেক্ষণে রাখার কথা জানানো হয়েছে। প্রথম টেস্টে মোট ২৩ ওভার করে ৩ উইকেট নেন তিনি।

ও’রোকের কাভার হিসেবে বেন লিস্টারকে দলে যোগ করেছে নিউ জিল্যান্ড। ২৯ বছর বয়সী এই পেসার কিউইদের হয়ে ৩ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন। টেস্ট খেলার স্বাদ এখনও পাননি তিনি।

প্রথম শ্রেণিতে ৩৪ ম্যাচ খেলে ৮২ উইকেট নিয়েছেন লিস্টার। একবার পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেট, দুইবার চার উইকেট।

বুলাওয়ায়োতে আগামী বৃহস্পতিবার শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট।