বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক মালিঙ্গা
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্বল্প মেয়াদে কাজ করবেন সাবেক এই ফাস্ট বোলার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ককে স্বল্প মেয়াদে ফাস্ট বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এসএলসির মঙ্গলবারের বিবৃতি অনুযায়ী গত ১৫ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে মালিঙ্গার এই অধ্যায়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত কাজ করবেন তিনি।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। সাদা বলের ক্রিকেটে তার প্রজন্মের সেরা বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট পাঁচশর বেশি। ২০১৪ সালে শ্রীলঙ্কা তাদের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল মালিঙ্গার নেতৃত্বেই।
শ্রীলঙ্কার হয়ে ৮৪টি টি-টোয়েন্টি খেলে মালিঙ্গার উইকেট ১০৭টি। বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও দারুণ সফল তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১২২ ম্যাচে তার উইকেট ১৭০টি। এখন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের বোলিং কোচ তিনি।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের দ্বিতীয় দিন আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে আগামী ৭ জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা।
