Published : 27 Aug 2025, 05:44 PM
কয়েক বছর ধরেই টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় আসছে অ্যাশেজেও তাদেরকে একই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচের মতে, তার দেশে ঐতিহ্যবাহী সিরিজটি জিততে হলে বিধ্বংসী রূপে মাঠে নামতে হবে ইংলিশদের।
গত আট বছর ধরে অ্যাশেজ সিরিজের ট্রফি, বিখ্যাত সেই ‘ছাইদানি’ অস্ট্রেলিয়ার কাছে। সবশেষ ২০২৩ সালে ঘরের মাঠে সেটি পুনরুদ্ধারের সম্ভাবনা জাগিয়েও পারেনি ইংল্যান্ড। ২-২ সমতায় সিরিজ শেষ করে ট্রফি ধরে রাখে অস্ট্রেলিয়া।
নিজ আঙিনায় সবশেষ টেস্ট সিরিজ জিততেও ব্যর্থ হয় ইংল্যান্ড। গত জুন-জুলাইয়ে ভারতের বিপক্ষে তাদের অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজও শেষ হয় ২-২ সমতায়।
বিসিবির ‘ফর দা লাভ অব ক্রিকেট’ পডকাস্টে ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড ও বিস্ফোরক ব্যাটসম্যান জস বাটলারের সঙ্গে আলোচনায় ইংলিশদের করণীয় নিয়ে নিজের মতামত জানালেন ল্যাঙ্গার। খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার জার্সিতে চারটি অ্যাশেজ জয়ী ও কোচ হিসেবে দুটিতে অপরাজিত ল্যাঙ্গারের মতে, সামনের অ্যাশেজে জিততে হলে আরও সাহসী হতে হবে ইংল্যান্ডকে।
“এটা খুব, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। ইংল্যান্ডের কাছে আমার প্রশ্ন, সুযোগ পেলে সিরিজ শেষ করার (জয়ে) মতো খুনে মানসিকতা কি তোমাদের আছে? আমরা দেখেছি, এখানে (ইংল্যান্ডে) গত অ্যাশেজ সিরিজে ২-২ ড্র করেছে তারা, ভারতের বিপক্ষেও ২-২ সমতায় শেষ করেছে।”
“ওই সিরিজ জেতার সুযোগ ছিল ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জেতার মতো খুনে মানসিকতা কি তাদের আছে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।”
২০১০ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট ম্যাচই জিততে পারেনি ইংল্যান্ড। ১৯৮৭ সালের পর কেবল একবারই দেশটিতে অ্যাশেজ সিরিজ জিতেছিল তারা, ২০১০-১১ মৌসুমে ৩-১ ব্যবধানে।
ল্যাঙ্গার মনে করেন, ট্রফিটি পুনরুদ্ধার করতে হলে অস্ট্রেলিয়ায় নিজেদের ঘরানার ক্রিকেটই খেলা উচিত ইংল্যান্ডের।
“বাজবল বলুন কিংবা আক্রমণাত্মক কৌশল, আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় সেই কৌশলেই খেলা উচিত ইংল্যান্ডের…শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার বিপক্ষে সফল তারাই হয়েছিল যারা এই দুইজনকে আক্রমণ করে খেলেছিল।”
“এটা করা সাহসের ব্যাপার, কারণ মিচেল স্টার্কের বোলিংয়ের মুখোমুখি হতে হবে, আছে জশ হেইজেলউড, যে কখনও লাইন-লেংথ মিস করে না, আরও আছে দারুণ প্রভাববিস্তারী প্যাট কামিন্স। তাই কাজটা করতে হলে (তাদেরকে আক্রমণ করা) সাহসের প্রয়োজন।”
আগামী ২১ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু এবারের অ্যাশেজ সিরিজ। দ্বিতীয়টি ব্রিজবেনে, শুরু ৪ ডিসেম্বর। পরের তিন ম্যাচ শুরু হবে যথাক্রমে ১৭, ২৬ ডিসেম্বর ও ৪ জানুয়ারি; ভেন্যু যথাক্রমে অ্যাডিলেইড, মেলবোর্ন ও সিডনি।