Published : 06 Apr 2026, 11:39 PM
ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি। শুরুতে চমৎকার বোলিং করা রিশাদ হোসেন পরে খেই হারিয়ে ফেললেন। প্রথম ওভারে স্রেফ চার রান দেওয়া বোলার দ্বিতীয় ওভারে ছক্কা হজম করলেন চারটি। তার দলও বন্দি রইল হারের বৃত্তেই।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে রিশাদের রাওয়ালপিন্ডিজ। লাহোরে সোমবার রাওয়ালপিন্ডিজের ১৮২ রান ২২ বল হাতে রেখে পেরিয়ে গেছে সুলতানস।
আসরে নিজেদের প্রথম চার ম্যাচের সবকটিতে হারল নবাগত দল রাওয়ালপিন্ডিজ।
আগের ম্যাচের মতো এদিনও ব্যাটে-বলে ব্যর্থ রিশাদ। ব্যাটিংয়ে ৩ বলে ১ রানের পর, হাত ঘুরিয়ে তিন ওভারে ৪৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বাংলাদেশের লেগ স্পিনার। ছক্কা হজম করেন মোট ছয়টি।
এবারের পিএসএলে তার সবচেয়ে খরুচে বোলিং এটি।
১৫তম ওভারের শেষ বলের আগে আট নম্বরে ব্যাটিংয়ে নামেন রিশাদ। প্রথম বলে নেন এক রান। পরের ওভারে আরাফাত মিনহাসের প্রথম বলে রান নিতে পারেননি। পরের বল স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি।
স্যাম বিলিংসের ফিফটি (৩৪ বলে ৫৬*) ও ডায়ান ফরেস্টারের ক্যামিওতে (১১ বলে ২৪) ১৮২ পর্যন্ত যেতে পারে রাওয়ালপিন্ডিজ।
রান তাড়ায় পাওয়ার প্লেতে স্টিভেন স্মিথের উইকেট হারিয়ে ৫৮ রান করে সুলতানস। সপ্তম ওভারে বোলিং পান রিশাদ। তার আঁটসাঁট বোলিংয়ে সাহিবজাদা ফারহান ও জশ ফিলিপস নিতে পারেন কেবল চারটি সিঙ্গল।
দশম ওভারে বোলিংয়ে ফেরানো হয় রিশাদকে। প্রথম বলে ফিলিপের সিঙ্গলের পর ঝড় বয়ে যায় তার ওপর দিয়ে। টানা তিনটি ছক্কা মারেন সাহিবজাদা ফারহান। শেষ বলে ছক্কা মারেন ফিলিপ।
এই ওভারে আসে ২৬ রান।
দুই ব্যাটসম্যানই ফিফটি করেন সমান ২৭ বলে। ৩০ বলে ৫৬ করে ফেরেন ফিলিপ। ৩৮ বলে ৬৮ রান করে বিদায় নেন সাহিবজাদা।
পঞ্চদশ ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে প্রথম তিন বলে তিন রান দেন রিশাদ। শেষ তিন বলে তাকে একটি করে ছক্কা মারেন অ্যাশটন টার্নার ও শান মাসুদ।
এই ওভারে খরচ করেন ১৬ রান।
আসরে দলের মতো রিশাদ নিজেও একদমই ভালো করতে পারছেন না। প্রথম ম্যাচে চার ওভারে ৩৫ রানে একটি উইকেট নেন তিনি। পরের ম্যাচে চার ওভারে ৩৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। তৃতীয় ম্যাচে তিন ওভারে ৩৬ রান দিয়ে পান একটি উইকেট। এবার আরও খরুচে তিনি।