১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরিজের মাঝে দেশে ফিরেছেন কনওয়ে

দুই টেস্টের মাঝে ২৩ হাজার মাইল ভ্রমণ করলেও, ওভালে এই ওপেনারকে পাওয়ার আশা করছে নিউ জিল্যান্ড।

সিরিজের মাঝে দেশে ফিরেছেন কনওয়ে
ডেভন কনওয়ে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 09:37 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য সিরিজের মাঝে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন ডেভন কনওয়ে। ওয়েলিংটনে আসা-যাওয়া মিলিয়ে তাকে ভ্রমণ করতে হবে ২৩ হাজার মাইল। তবুও আগামী সপ্তাহে ওভালে দ্বিতীয় টেস্টে এই ওপেনারকে পাওয়ার আশা করছে নিউ জিল্যান্ড।

লর্ডসে প্রথম টেস্টে গত রোববার ১১৫ রানে হারে নিউ জিল্যান্ড। ব্যাটিং দুরূহ উইকেটে দুই ইনিংসে ১ ও ৪১ রান করেন কনওয়ে।

ওই ম্যাচের পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশে ফিরেছেন ৩৪ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান, বিবৃতিতে জানিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

“ব্ল্যাকক্যাপস ব্যাটসম্যান ডেভন কনওয়ে তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে অল্প সময়ের জন্য নিউ জিল্যান্ডে ফিরেছেন। ইংল্যান্ডের বিপক্ষে আগামী বুধবার ওভালে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে লন্ডনে ফেরার আগে কনওয়ে পরিবারের সঙ্গে বাড়িতে কিছু সময় কাটাবেন।”

প্রথম টেস্টে হারের পর নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের যুক্তরাজ্যে ছুটি দেওয়া হয়। শুক্রবার ওভালে দলটির অনুশীলন করার কথা রয়েছে। এরপর শনিবার আরও এক দিন ছুটি এবং দ্বিতীয় টেস্ট শুরুর আগে তিন দিন অনুশীলন চলবে।

প্রথম টেস্ট জিতলেও মাঠের বাইরের ঘটনায় এই মুহূর্তে টালমাটাল ইংল্যান্ড দল। ওই ম্যাচের পর লন্ডনের একটি নাইটক্লাবের ঘটনায় জড়িত থাকায় অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনকে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জো রুটকে।