Published : 18 Nov 2025, 05:17 PM
বাংলাদেশ দলের অনুশীলন ছিল সকালে। আয়ারল্যান্ডের অনুশীলনও শেষ দুপুর গড়ানোর আগেই। মঙ্গলবার দুপুরে আইরিশদের প্রস্তুতির সময় উইকেট ছিল চটের নিচে ঘুমিয়ে। আইরিশরা চলে যাওয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে সরানো হলো কাভার। সিনিয়র কিউরেটর বদিউল আলম খোকন যখন দুই মাঠকর্মীকে নিয়ে রোলার চালালেন, উইকেটের চেহারা দেখে কিছুটা চমকেই উঠতে হলো। তরতাজা ঘাসে সবুজাভ উইকেট!
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে উইকেটের কালো চেহারা নিয়ে কত তোলপাড়ই তো হয়ে গেল। বেশির ভাগ সময়ই মিরপুরের উইকেট কালচে চেহারার। তবে এবার সেই উইকেটের রূপ ভিন্ন।
খেলা শুরুর সময় উইকেট এতটা সবুজ থাকবে না, তা প্রায় নিশ্চিত করেই বলা যায়। বিকেল সাড়ে চারটার দিকেই এক দফায় ছেটে দেওয়া হয়েছে ঘাস। টেস্ট শুরুর আগে সকালেও আরেক দফায় কিছুটা কমিয়ে ফেলা হবে হয়তো। তার পরও একটা পার্থক্য পরিষ্কার, উইকেট এবার দেখতে কালচে নয়।
এমনিতে অবশ্য মিরপুরে যে কোনো ম্যাচ বা সিরিজে আগে উইকেট সাধারণত যতটা আলোচনার জন্ম দেয়, এবার আড়ালে পড়ে গেছে। আলো এবার একজনকে ঘিরেই--মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনো টেস্ট ক্রিকেটারের শততম ম্যাচ।
তবু উইকেট নিয়ে কিছু আগ্রহ তো থাকেই। দুই দলের সংবাদ সম্মেলনেই উইকেটের প্রসঙ্গ এলো। এবার উইকেট যেমন দেখতে ভিন্ন, তেমনি আচরণও আলঅদা হবে বলেই মনে করেন দুই দলের প্রতিনিধি ফিল সিমন্স ও হ্যারি টেক্টর।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স প্রথমেই হাসতে হাসতে বললেন, এটা আগের সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের উইকেট নয়।
‘‘দেখুন, এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের উইকেটের মতো নয়। মোটামুটি ভালোই মনে হচ্ছে। আজকে ওরা আরও একটু রোলিং দেবে নিশ্চয়ই। কাল (বুধবার ) সকালে এসে আসল ছবিটা বুঝতে পারব। এখন যেটা দেখছি, প্রথম দুই দিন বা আড়াই দিন ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট ভালো থাকবে।”

‘‘টেস্টে উইকেটের কাছে এমন চাওয়াই থাকে, শুরুর অংশটা খেলতে সুবিধা হোক, তারপর তৃতীয়–চতুর্থ দিনে কী ধরনের বদল আসে, সেটা দেখব আমরা।’’
দুপুরে বাংলাদেশ দলের সেশন শেষ হতেই মাঠে নামল আয়ারল্যান্ড দল। সেই অনুশীলনের আগে মাঠের এক কোনে স্বল্প সময়ের আলাপ চারিতায় আয়ারল্যান্ড অলরাউন্ডার হ্যারি টেক্টরের কণ্ঠেও ছিল মিরপুরের উইকেট নিয়ে সিমন্সের মতোই সুর।
‘‘মিরপুরের উইকেট আসলে একরকম থাকে না। এখানে আমি চতুর্থ বা পঞ্চমবার খেলছি, যতদূর মনে পড়ে, প্রতি বারই ভিন্ন ধরনের পিচ পেয়েছি। মানে, এখানে সব রকমের উইকেটই দেখা যায়। সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দেখেছেন, উইকেট তো সময়ের সঙ্গে ক্রমে ভালো হচ্ছিল। যদিও ওটা ছিল ৫০ ওভারের ক্রিকেট।’’
‘‘ব্যাটসম্যান হিসেবে, আর দল হিসেবে, কালকে খেলার আগে আমাদের মন খোলা রাখতে হবে। আমরা ধরে নিতে পারি উইকেট এমন করবে বা অমন, কিন্তু মূল্য ব্যাপারটা হলো, প্রথম দিনের সকালে সামনে যা পাওয়া যাবে, সেটাকে মেনে নিয়েই খেলতে হবে, সেখান থেকেই ম্যাচটা এগিয়ে নিতে হবে। আমাদের সম্ভবত পরিকল্পনাও ঠিক সেটাই।’’
বিকেলে পিচ রোল করার একটা পর্যায়ে সেখানে দেখা গেল বিসিবি সভাপতি ও গ্রাউন্ডস কমিটির প্রধান আমিনুল ইসলাম, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনসহ বেশকজন বিসিাব পরিচালককে। টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংয়ের সঙ্গে লম্বা সময় কথা বলতেও দেখা গেল তাদেরকে।
মিরপুরের উইকেট নিয়ে অবশ্য ম্যাচপূর্ব ধারণা অনেক সময়ই বদলে গেছে খেলা শুরুর পর। এবারও সময়ই দেবে উত্তর।