Published : 21 Dec 2025, 09:41 AM
ফাইন লেগে দুর্দান্ত ফিল্ডিংয়ে চার বাঁচালেন ন্যাথান লায়ন। কিন্তু সেই চেষ্টাতেই বেধে গেল বড় বিপত্তি। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হলো তাকে। একটু পরে তিনি স্টেডিয়াম ছেড়ে গেলেন ক্রাচে ভর দিয়ে। ম্যাচ থেকে ছিটকে গেলেন তো বটেই, অ্যাশেজের বাকি দুই টেস্টে তার খেলা নিয়েও আছে এখন প্রবল শঙ্কা।
অ্যাডিলেইড টেস্টের শেষ দিনের প্রথম সেশনের ঘটনা এটি। ক্যামেরন গ্রিনের বল পুল করে ফাইন লেগের দিতে পাঠান জেমি স্মিথ। দারুণ ফিল্ডিং করলেও ডান হ্যামস্ট্রিংয়ে হাত রেখে ড্রেসিং রুমের দিকে ইশারা করেন গ্রিন। বিপদটা বোঝা যাচ্ছিল তখনই।
ফিজিও একটু পরীক্ষা করার পর তার সঙ্গে মাঠ ছাড়েন লায়ন। পরে লাঞ্চের মিনিট দশেক আগে টিভিতে দেখা যায়, ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছেড়ে যাচ্ছেন ৩৮ বছর বয়সী অফ স্পিনার। হয়তো স্ক্যান করাতে যাচ্ছিলেন তিনি।
গত অ্যাশেজের ভুতুড়ে অভিজ্ঞতাই যেন ফিরে এলো লায়নের জন্য। ২০২৩ অ্যাশেজের দ্বিতীয় টেস্টে বলের ওপর পা পড়ে পেশির চোটে সিরিজ শেষ হয়ে গিয়েছিল তার। এবারও সেই ভয় উঁকি দিচ্ছে।
এবারও সিরিজে লায়নের দ্বিতীয় টেস্ট এটি। প্রথম টেস্টে পার্থে পেসার দাপটে দুই দিনে শেষ হওয়া ম্যাচে স্রেফ দুই ওভার বোলিং করতে পারেন তিনি। পরের টেস্টে ব্রিজবেনে গোলাপি বলের লড়াইয়ে জায়গা পাননি একাদশে। এই ম্যাচে ফিরে গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট নেন দুই ইনিংসে। গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সফলতম বোলার হয়ে যান তিনি। চতুর্থ দিনে তার তিন উইকেটেই ম্যাচ হেলে পড়ে অস্ট্রেলিয়ার দিকে। কিন্তু শেষ দিনে তার সঙ্গী হলো হতাশা।
লায়ন মাঠ ছাড়ার পর ট্রাভিস হেড, মার্নাস লাবুশেনের মতো অনিয়মিত বোলারদের হাতে বল তুলে দিতে হয় অস্ট্রেলিয়ান অধিনায়ককে। তবে কাজ শেষ করেন মূল বোলাররাই। শেষ দিকে ইংল্যান্ড কিছুটা লড়াই করলেও ৮২ রানে জিতে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
বক্সিং ডে টেস্টের আগে সময় আছে আর মোটে চারটি দিন। লায়ন খেলতে না পারলে ম্যাথু কুনেমান বা টড মার্ফির দিকে তাকাতে হবে অস্ট্রেলিয়াকে।