১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অবশেষে থুশারার বদলি নিল বেঙ্গালুরু

ইংলিশ পেসার রিচার্ড গ্লিসনের সঙ্গে চুক্তি করেছে আইপিএলের শিরোপাধারীরা।

অবশেষে থুশারার বদলি নিল বেঙ্গালুরু
এসএটোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপের জার্সিতে রিচার্ড গ্লিসন। ছবি: এসএটোয়েন্টি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 08:10 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

আইপিএল খেলার অনাপত্তিপত্র না পেয়ে বোর্ডের বিরুদ্ধে করা মামলা নুয়ান থুশারার তুলে নেওয়ার পরও কেটে গেছে প্রায় এক মাস। প্রতিযোগিতাটির চলতি আসর শেষের পথে। এই সময়ে এসে শ্রীলঙ্কান পেসারের বদলি নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এক কোটি ৬০ লাখ রুপিতে রিচার্ড গ্লিসনের সঙ্গে চুক্তি করার কথা শুক্রবার জানিয়েছে শিরোপাধারীরা।

আইপিএল এখন পর্যন্ত কেবল দুটি আসরে খেলেন ৩৮ বছর বয়সী গ্লিসন। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুটি ম্যাচ এবং গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের স্রেফ একটি ম্যাচ খেলেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪৫ ম্যাচ খেলে ১৭০ উইকেট নিয়েছেন গ্লিসন। একবার করে পেয়েছেন চারটি ও পাঁচটি করে উইকেট।

২০২৫ আইপিএলের নিলামে এক কোটি ৬০ লাখ রুপিতে থুশারাকে দলে নিয়েছিল বেঙ্গালুরু। এবারের আসরের জন্য তাকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি।

কিন্তু ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় থুশারাকে আইপিএলে খেলতে যাওয়ার অনাপত্তিপত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। পরে চলতি মাসের শুরুতে বোর্ডের বিরুদ্ধে মামলা করেন তিনি।

পরে বোর্ডের বিরুদ্ধে মামলা করেন ৩১ বছর বয়সী থুশারা। গত ২৩ এপ্রিল মামলাটি তুলে নেন তিনি। একই সঙ্গে চিঠি দিয়ে বোর্ডের কাছে ক্ষমাও চান এই ক্রিকেটার।

শিরোপা ধরে রাখার অভিযানে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বেঙ্গালুরুর। এবারের আসরে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। রোববার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে ভিরাট কোহলিরা।

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে পড়া খলিল আহমেদের বদলি নিয়েছে চেন্নাই সুপার কিংস। বাঁহাতি পেসার কুলদিপ ইয়াদাভকে দলে টেনেছে তারা।

২০২১ ও ২০২৩ আইপিএল মিলিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে তিনটি ম্যাচ খেলেন ২৯ বছর বয়সী কুলদিপ। স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারও তার ওই তিন ম্যাচের। ৩০ লাখ রুপিতে তাকে চুক্তিভুক্ত করেছে চেন্নাই।