১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ম্যাক্সওয়েল-ফিলিপসকে থামিয়ে ফাইনালের নায়ক ২২ বছরের উগারকার

রোমাঞ্চ ছড়ানো শেষ ওভারে ওয়াশিংটন ফ্রিডমকে হারিয়ে মেজর লিগ ক্রিকেটের শিরোপা জিতল এমআই নিউ ইয়র্ক।

ম্যাক্সওয়েল-ফিলিপসকে থামিয়ে ফাইনালের নায়ক ২২ বছরের উগারকার
এমএলসি চ্যাম্পিয়ন এমআই নিউ ইয়র্ক। ছবি: এমআই নিউ ইয়র্ক ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 03:23 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

শিরোপার জন্য ৬ বলে দরকার ১২ রান। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল ও গ্লেন ফিলিপস। শেষ ওভারের বোলিংয়ে ২২ বছর বয়সী রুশিল উগারকার। স্বাভাবিকভাবেই ম্যাচ তখন মারকুটে দুই ব্যাটসম্যানের ওয়াশিংটন ফ্রিডমের দিকে হেলে। কিন্তু চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে অসাধারণ এক ওভার করলেন উগারকার। মেজর লিগ ক্রিকেটের শিরোপা জিতল এমআই নিউ ইয়র্ক।

ডালাসে সোমবার বাংলাদেশ সময় সকালের ফাইনালে উগারকারের শেষ ওভারের দারুণ বোলিংয়ে ৫ রানে জেতে এমআই নিউ ইয়র্ক। ১৮১ রানের লক্ষ্যে ১৭৫ রানের বেশি করতে পারেনি গত আসরের চ্যাম্পিয়ন ওয়াশিংটন। 

শিরোপা নির্ধারণী শেষ ওভারের প্রথম ৩ বলে ২ রান খরচ করেন উগারকার। ৩ বলে ১০ রানের সমীকরণে বড় শট ছাড়া উপায় ছিল না ম্যাক্সওয়েলের। ছক্কার খোঁজে সীমানা পার করতে পারেননি তিনি। ধরা পড়ে যান ডিপ মিড উইকেটে। 

নতুন ব্যাটসম্যান ওবাস পিয়েনার পঞ্চম বল ডট দিলে এক দফা উল্লাস করেন নিউ ইয়র্কের ফিল্ডাররা। পরে শেষ বলে বাউন্ডারি হজম করলেও যুক্তরাষ্ট্রের তরুণ পেসারকে মধ্যমণি করে শিরোপা উদযাপন শুরু করে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দল। 

চলতি বছর বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট মিলিয়ে এমআই ফ্র্যাঞ্চাইজির এটি তৃতীয় শিরোপা। এর আগে এসএ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয় এমআই কেপটাউন। আর উইমেন'স প্রিমিয়ার লিগের ট্রফি ঘরে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭২ রান যোগ করেন কুইন্টন ডি কক ও মোনাঙ্ক প্যাটেল। ২২ বলে ২৮ রান করে ফেরেন মোনাঙ্ক। ডি ককের ব্যাট থেকে আসে ৬ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭৭ রান। 

শিরোপা উদযাপনের মধ্যমণি রুশিল উগারকার (সবার ওপরে)। ছবি: এমআই নিউ ইয়র্ক ফেইসবুক

শিরোপা উদযাপনের মধ্যমণি রুশিল উগারকার (সবার ওপরে)

পরে নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, মাইকেল ব্রেসওয়েলরা হতাশ করলে কমতে থাকে রানের গতি। শেষ দিকে কুনওয়ারজিত সিংয়ের ১৩ বলে ২২ রানের সৌজন্যে ১৮০ রানে পৌঁছায় নিউ ইয়র্ক।

লকি ফার্গুসন নেন ৩ উইকেট।

রান তাড়ায় শুরুতেই জোড়া ধাক্কা খায় ওয়াশিংটন। প্রথম ওভারে দারুণ ছন্দে থাকা মিচেল ওয়েন ও আন্দ্রেস গাউসকে ফেরান ট্রেন্ট বোল্ট। 

৮৪ রানের জুটিতে শুরুর চাপ সামাল দেন রাচিন রাভিন্দ্রা ও জেইক এডওয়ার্ডস। ২ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩৩ রান করে ফেরেন এডওয়ার্ডস। 

মাত্র ২৪ বলে ফিফটি স্পর্শ করেন রাভিন্দ্রা। ১৬তম ওভারে তিনি আউট হন ৪১ বলে ৭০ রান করে। ৮ চারের সঙ্গে মারেন ২টি ছক্কা।

পরে দায়িত্ব নেন ম্যাক্সওয়েল ও ফিলিপস। শেষ ৩ ওভারে ৪১ রানের সমীকরণে ১৮ ও ১৯তম ওভার মিলিয়ে দুজন মিলে নেন ২৯ রান। শেষ ওভারে আর পারেননি তারা। উগারকারের ওই ওভারে অবশ্য এক বলের বেশি স্ট্রাইক পাননি মূল ঝড় তোলা ফিলিপস।

৫ ছক্কায় ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন ফিলিপস। ১৫ রান করতে ১৬ বল খেলেন ম্যাক্সওয়েল।