২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটের 'নতুন যুগের' সঙ্গী শন টেইট

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন সাবেক এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার চলতি মাসেই যোগ দেবেন বাংলাদেশের কোচিং স্টাফে।

বাংলাদেশ ক্রিকেটের 'নতুন যুগের' সঙ্গী শন টেইট
গত বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন শন টেইট। ছবি: চিটাগং কিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 03:48 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

দুপুর তিনটার একটু আগে আন্দ্রে অ্যাডামসের বিদায় আনুষ্ঠানিকভাবে জানাল বিসিবি। এর আধঘণ্টা পরেই জানানো হলো নতুন বোলিং কোচের নাম। যাকে নিয়ে গুঞ্জন ছিল সবচেয়ে বেশি, সেই শন টেইটই নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব।

চলতি মাসেই বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেবেন টেইট। সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। 

বাংলাদেশের সঙ্গে টেইটের সম্পর্ক পুরোনো। বিপিএলের দ্বিতীয় আসরে খেলে গেছেন তিনি চিটাগং কিংসে। এরপর গত বিপিএলে এই দলেরই প্রধান কোচ হয়ে ফেরেন তিনি। খুব তারকাবহুল দল না হয়েও তার কোচিংয়ে বিপিএলের ফাইনালে খেলে চিটাগং।

এবার জাতীয় দলে দায়িত্ব শুরুর আগে ৪২ বছর বয়সী কোচ বললেন, বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগের সঙ্গী হতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় তিনি।

"বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ভালো সময় এখন, খানিকটা নতুন যুগের শুরু বলা যায়। সাম্প্রতিক সময়ে এটা বহুবারই বলা হয়েছে, তরুণ প্রতিভা ও ফাস্ট বোলাদের নিয়ে, যা দারুণ।”

“এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোনো ডেভেলপমেন্ট টিম নয় এবং এখানে সবারই প্রত্যাশা থাকে প্রতিভা থেকে যেন ফল মেলে। এখানে ফাস্ট বোলিং গ্রুপকে নিয়ে আমার মনোযোগ থাকবে সেদিকেই এবং আরও বেশি যেটা গুরুত্বপূর্ণ, দলের জন্য জয় বয়ে আনা।”

টেইটের খেলোয়াড়ি জীবন খুব সমৃদ্ধ ছিল না। অনেক সম্ভাবনা নিয়ে শুরুর পরও দীর্ঘদিন খেলতে পারেননি পিছু না ছাড়া একের পর এক চোটের কারণে। অস্ট্রেলিয়ার হয়ে তিন টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০০৭ বিশ্বকাপজয়ী দলের অংশও ছিলেন। বল হাতে খুব স্মরণীয় কিছু না করলেও ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা নিয়ে আছেন তিনি গতির কারণে। ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন তিনি। বোলিং অ্যাকশন আর গতির কারণেই চোট সবসময় লেগেই ছিল তার। কখনও কখনও বোলিংয়ে ছিলেন এলোমেলোও।

তবে কোচ হিসেবে তিনি এর মধ্যেই বেশ খ্যাতি ও পরিচিতি গড়েছেন। নানা সময়ে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। বিপিএল ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করিয়েছেন বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগে। কাজ করেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটেও। 

বিদায়ী বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস দায়িত্ব নিয়েছিলেন গত বছরের মার্চে। নিউ জিল্যান্ডের সাবেক পেস বোলিং অলরাউন্ডারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল দুই বছরের। কিন্তু আগেই শেষ হয়ে গেল তা। তার বিদায়ের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। বিবৃতিতে শুধু বলা হয়েছে, পারস্পরিক সমঝোতায় চুক্তি শেষ করা হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলতে বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর ২১ মে তাদের যাওয়ার কথা পাকিস্তান সফরে।