Published : 12 Aug 2026, 05:08 PM
অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান কুসাল মেন্ডিসের চোটের সুবাদে জাতীয় দলে ফিরেছেন নিরোশান ডিকওয়েলা। তাকে নিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড সাজিয়েছে শ্রীলঙ্কা। তার মতো তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন দিলশান মাদুশাঙ্কা।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু আগামী শনিবার, গলে। ম্যাচটির জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার কেশারা নুওয়ান্থা ও টপ অর্ডার ব্যাটসম্যান পাসিন্দু সুরিয়াবান্দারাকে রেখেছে তারা। লঙ্কানদের সবশেষ টেস্ট সিরিজের দলেও ছিলেন এই দুইজন।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে পারেননি মেন্ডিস। তার বদলি হিসেবে ৩৩ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান ডিকওয়েলাকে ডেকেছে শ্রীলঙ্কা। ক্যারিয়ারের ৫৪ টেস্টের সবশেষটি ২০২৩ সালের মার্চে খেলেন ডিকওয়েলা, নিউ জিল্যান্ডের বিপক্ষে। গল টেস্টের একাদশে এই সংস্করণে ২২ ফিফটিতে ২ হাজার ৭৫৭ রান করা বাঁহাতি ব্যাটসম্যানের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।
ক্যারিয়ারের একমাত্র টেস্টটি ২০২৩ সালের জুলাইয়ে খেলেছেন মাদুশাঙ্কা। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে কোনো উইকেট নিতে পারেননি ২৫ বছর বয়সী বাঁহাতি পেসার। এবার সাদা পোশাকে ফের দেশের প্রতিনিধিত্ব করার হাতছানি ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৭ উইকেট নেওয়া এই ক্রিকেটারের সামনে।
২৬ বছর বয়সী সুরিয়াবান্দারা জায়গা ধরে রাখতে পেরেছেন পাথুম নিসাঙ্কার চোটের কারণে। কব্জিতে অস্ত্রোপচার করানো লঙ্কান ওপেনার এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তবে, ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪ সেঞ্চুরিতে ৪ হাজার ৮৯৩ রান করা সুরিয়াবান্দারার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
নিশান মাদুশকা ও লাহিরু উদারারই ওপেন করার কথা। লঙ্কানদের তিন থেকে পাঁচ নম্বর ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা। ছয় কিংবা সাতে খেলানো হতে পারে ডিকওয়েলাকে।
গত মাসে ভারত ‘এ’ দলের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে গলে চার দিনের ম্যাচের এক ইনিংসে ১৫৯ রানে ৫ উইকেট নেন নুওয়ান্থা। সম্প্রতি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯৭ রানে ৩ শিকার ধরেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। প্রথম শ্রেণিতে ১৫ ম্যাচে ৬৪ উইকেট নিয়েছেন তিনি।
শ্রীলঙ্কা দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আরও আছেন প্রাবাথ জায়াসুরিয়া, রামেশ মেন্ডিস। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সোনাল দিনুশাও ধরে রেখেছেন জায়গা।
পেস বোলিং বিভাগে মাদুশাঙ্কার সঙ্গে আছেন আসিথা ফের্নান্দো, লাহিরু কুমারা, ভিশ্ব ফের্নান্দো। পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়েকেও রাখা হয়েছে দলে।
দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী ২৩ অগাস্ট, কলম্বোতে।
প্রথম টেস্টের শ্রীলঙ্কা দল: ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), লাহিরু উদারা, নিশান মাদুশকা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, নিরোশান ডিকওয়েলা, রামেশ মেন্ডিস, প্রাবাথ জায়াসুরিয়া, কেশারা নুওয়ান্থা, মিলান রাত্নায়েকে, আসিথা ফের্নান্দো, লাহিরু কুমারা, ভিশ্ব ফের্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।