১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩৫ থেকে এক সিরিজেই এক নম্বর ডাফি

২০১৮ সালে ইশ সোধির পর নিউ জিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন জ্যাকব ডাফি।

৩৫ থেকে এক সিরিজেই এক নম্বর ডাফি
জ্যাকব ডাফি এখন টি-টোয়েন্টির এক নম্বর বোলার। ছবি: ব্ল্যাকক্যাপস ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 05:57 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এই সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে জ্যাকব ডাফির অবস্থান ছিল ৩৫ নম্বরে। পাঁচ ম্যাচের সিরিজটিতে দুর্দান্ত পারফরম্যান্সে তিনিই এখন র‍্যাঙ্কিংয়ের চূড়ায়। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনকে টপকে শীর্ষে উঠেছেন নিউ জিল্যান্ডের এই পেসার।     

ঘরের মাঠে সিরিজের প্রথম দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে গত ১৯ মার্চ দ্বাদশ স্থানে উঠে আসেন ডাফি। পরের দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে আরও সাত ধাপ এগিয়ে তিনি পাঁচ নম্বরে ওঠেন ২৬ মার্চ। শেষ ম্যাচে তিনি ২ উইকেট নেন ১৮ রানে। পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বুধবার জানা যায়, চূড়ায় পোঁছে গেছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

নিউ জিল্যান্ডের ৪-১ ব্যবধানে জেতা সিরিজে পাঁচ ম্যাচে ডাফি ১৩ উইকেট শিকার করেন ৮.৩৮ গড় আর ওভারপ্রতি ৬.১৬ করে রান দিয়ে।

যে কোনো সংস্করণের র‍্যাঙ্কিংয়ে প্রথম শীর্ষে উঠলেন ডাফি। ২০১৮ সালে ইশ সোধির পর এই প্রথম টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন নিউ জিল্যান্ডের কোনো ক্রিকেটার।

এক ধাপ করে নিচে নেমে গিয়ে এখন আকিল দুইয়ে, ভারুন চক্রবর্তি তিনে, আদিল রাশিদ চারে, ওয়ানিন্দু হাসারাঙ্গা পাঁচে ও অ্যাডাম জ্যাম্পা আছেন ছয় নম্বরে। এই পাঁচ জনই স্পিনার। 

নিউ জিল্যান্ডের আরেক পেসার বিন সিয়ার্স ২১ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৪৬ নম্বরে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা আট নম্বরে উঠেছেন নিউ জিল্যান্ডের ওপেনার টিম সাইফার্ট। শেষ ম্যাচে ১০ ছক্কা ও ৬ চারে ৩৮ বলে অপরাজিত ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ওপেনিং জুটির সঙ্গী ফিন অ্যালেন এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছেন। 

শীর্ষ সাতটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। চূড়ায় আছেন যথারীতি অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।    

নিউ জিল্যান্ড ও পাকিস্তানের প্রথম ওয়ানডের পারফরম্যান্সের প্রতিফলনও পড়েছে র‍্যাঙ্কিংয়ে। গত শনিবার নেপিয়ারের ম্যাচে ১১১ বলে ১৩২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৭৮তম স্থানে আছেন নিউ জিল্যান্ডের মার্ক চ্যাপম্যান। ওই ম্যাচে ৫৮ রান করা পাকিস্তানের সালমান আলি আগা ছয় ধাপ এগিয়ে ৩৭তম স্থানে আছেন। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে আছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। প্রথম ম্যাচে ৩৮ রানে তার শিকার ছিল ২ উইকেট।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শুবমান গিল, বোলারদের তালিকায় মাহিশ থিকশানা ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আজমাতউল্লাহ ওমারজাই যথারীতি শীর্ষে আছেন।