১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৮ বল করে মাঠ ছাড়লেন ১৮ কোটি রুপির বোলার

তিন মাস পর ম্যাচ খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মাঠ ছেড়ে গেলেন মাথিশা পাথিরানা।

৮ বল করে মাঠ ছাড়লেন ১৮ কোটি রুপির বোলার
মাথিশা পাথিরানা। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 12:17 AM

Updated : 11 Sep 2026, 03:17 PM

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেকের উপলক্ষ সুখকর হলো না মাথিশা পাথিরানার। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মাঠ ছাড়ার আগে কেবল আট বল করতে পারলেন শ্রীলঙ্কার এই ফাস্ট বোলার।

ইডেন গার্ডেন্সে শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তিন মাস পর মাঠে ফেরেন পাথিরানা। কলকাতার বোলিং ইনিংসে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামেন তিনি। চতুর্থ ওভারে তাকে বোলিংয়ে আনা হয়। প্রথম ওভারে দেন ৭ রান।

ইনিংসের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় ওভারে প্রথম বলটি করার পর দ্বিতীয়টির জন্য দৌড় শুরু করেন পাথিরানা। এরপরই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দলের ফিজিওর চিকিৎসা নিয়ে তিনি আরেকটি ডেলিভারি করার চেষ্টা করেন, কিন্তু সেটি ছিল কেবল দায়সারা গোছের প্রচেষ্টা, পুরো শক্তি দিয়ে বল করেননি। কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন ২৩ বছর বয়সী বোলার। 

আইপিএলে আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা পাথিরানাকে গত ডিসেম্বরের নিলামে ১৮ কোটি রুপিতে দলে নেয় কলকাতা। কিন্তু ফিটনেস সমস্যার কারণে এতদিন তাকে পায়নি তিনবারের চ্যাম্পিয়নরা। গত ১৬ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পাথিরানা তার স্পেলের মাঝপথে মাঠ ছাড়েন এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন।

এরপর যখন তার আইপিএলে অংশগ্রহণের সময় আসে, তাকে অনাপত্তিপত্র দেওয়ার আগে পায়ের মাংসপেশির চোটের জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কলকাতা চার ম্যাচ খেলার পর সেই অনাপত্তিপত্র পান পাথিরানা।

পরে কলকাতা শিবিরে যোগ দিয়ে দলের প্রথম ১২ ম্যাচ পর্যন্ত বেঞ্চেই ছিলেন। অবশেষে খেলার সুযোগ পেয়ে আধা ঘণ্টাও পারলেন না মাঠে থাকতে। 

পাথিরানাকে হারালেও জয় নিয়েই মাঠ ছাড়ে কলকাতা। ২৪৭ রানের পুঁজি নিয়ে তারা ২১৮ রানে আটকে দেয় গুজরাটকে।