প্রস্তুতির সেঞ্চুরিতে মিশে আছে মিরাজের টেস্টের বিশ্বাস
অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচে লড়িয়ে সেঞ্চুরিটির রেশ টেস্ট ম্যাচেও বয়ে নিতে চান মেহেদী হাসান মিরাজ।
ওয়ানডে অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়ার সময় তাকে ব্যাটিংয়ে মনোযোগ দিতে বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শুধু ওয়ানডে নয়, তার ব্যাটিং ফর্ম ভালো ছিল না আসলে কোনো সংস্করণেই। সেই হতাশা পেরিয়ে অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করলেন তিনি। লড়িয়ে ইনিংসটির পর এই অলরাউন্ডার বলছেন, টেস্টের জন্য তাকে বিশ্বাসের জোগান পেয়েছেন তিনি।
ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ১৪১ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মিরাজ। দলের বিপর্যয়ে সাত নম্বরে নেমে ১১ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
দিনের খেলা শেষে বিসিবির ভিডিও বার্তায় মিরাজ বললেন, এই ইনিংসের রেশ তিনি বয়ে নিতে চান টেস্ট ম্যাচে।
“যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেট-আপে ছিলাম, এটা যদি চালিয়ে যেতে পারি, তাহলে আমার জন্য ভালো হবে, দলের জন্যও ভালো হবে।”
মিরাজ যখন ক্রিজে যান, বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ১০৫। একটু পর অমিত হাসানের বিদায়ে রান হয়ে যায় ৬ উইকেটে ১১০।
এরপর তাকে কিছুটা সঙ্গ দেন সৌম্য সরকার। পরের সময়টায় মূলত লোয়ার অর্ডারদের নিয়েই দারুণ লড়াই করেন মিরাজ। বিশেষ করে শেষ জুটিতে তার ব্যাটিং ছিল দেখার মতো। দল যখন নবম উইকেট হারায়, মিরাজের রান তখন ৫৬। সেখান থেকেই দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদশর্নীতে সেঞ্চুরি করেন তিনি। ৬৯ রানের শেষ উইকেট জুটিতে সৈয়দ খালেদ আহমেদ করেন ১৫ রান।
মিরাজ বললেন, দলের পরিস্থিতি বুঝে নানা সময়ে ব্যাটিংয়ের পরিকল্পনা সাজিয়েঝেন তিনি।
“প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল উইকেট। আমি শুধু চেষ্টা করেছি, বলের মেরিট অনুযায়ী খেলার জন্য। খুব ভালো জায়গায় বোলিং করেছে ওরা। আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথমবার এই কন্ডিশনে খেলছি।
আমি চেষ্টা করেছি উইকেটে মানিয়ে নিতে এবং জুটি গড়তে। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি উইকেটে কীভাবে মানিয়ে নেওয়া যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান হয়ে গিয়েছে। এভাবেই চিন্তা করেছি।”
প্রথম দিনে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৬৩ রানে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ দিন শেষ করে ২ উইকেটে ৫১ রান নিয়ে।
