Published : 09 Jun 2026, 03:37 PM
সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান মার্ক বুচার কদিন আগে বললেন, বৈভাব সুরিয়ভানশিকে প্রথম দেখেই তার মনে পড়েছে স্যার গ্যারি সোবার্সের কথা। তবে বিস্ময় আর মুগ্ধতায় তাকেও ছাড়িয়ে গেছেন যেন গ্লেন ম্যাকগ্রা। ভারতের কিশোর ব্যাটসম্যানকে দেখে অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তির মনে পড়ছে একইসঙ্গে সোবার্স ও ব্রায়ান লারা।
সোবার্সকে মনে করা হয় সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। শুধু ব্যাটসম্যান হিসেবেও সর্বকালের সেরাদের তালিকায় রাখতে হয় তাকে। সেই তালিকায় গৌরবময় উপস্থিতি আছে লারারও। তাদের দুজনের মতোই বাঁহাতি সুরিয়াভানশি এবং তাদের মতোই আক্রমণাত্মক।
১৫ বছর বয়সী ব্যাটসম্যান আলোড়ন তুলেছেন গোটা ক্রিকেট বিশ্বের। অনেক সাবেক ক্রিকেটার, বিশ্লেষক, কিংবদন্তিরা পর্যন্ত সুরিয়াভানশির প্রশংসায় উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছেন না।
সেই চমকে যাওয়াদের তালিকায় সংযোজন এবার ম্যাকগ্রা। টাইমস অব ইন্ডিয়াকে তিনি যা বললেন, সুরিয়াভানশির জন্য এর চেয়ে বড় প্রশংসা হয় কমই।
“আপনি হয়তো ব্রায়ান লারার মতো কাউকে দেখেন তার ব্যাকলিফটের জন্য। পেছনে ফিরে তাকালে, গ্যারি সোবার্সের কথাও মনে আসে। সে (সুরিয়াভানশি) অবিশ্বাস্য।”
“ক্রিকেটাররা সাধারণত চারের চেয়ে ছক্কা বেশি মারে। কিন্তু তার ছিল ৭২টি ছক্কা এবং ৬৩টি চার। সে নিঃসন্দেহে পাওয়ারফুল হিটার এবং খেলাটাকেই বদলে দিয়েছে। কোনো ভয়ডর নেই, তাই না? প্যাট কামিন্স বল করছে নাকি কে, কিছুর পরোয়া করে না সে। বলটা জায়গামতো পেলেই সে মেরে দেয়।”
এবারের আইপিএলে ২৩৭.৭০ গড়ে ৭৭৬ রান করেছেন সুরিয়াভানশি। টুর্নামেন্টের উঠতি ক্রিকেটারের পাশাপাশি সেরা ক্রিকেটারের পুরস্কারও তিনি জিতে নেন। ৭২ ছক্কা মেরে এক আসরে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডও গড়েন।
ম্যাকগ্রা এখন সুরিয়াভানশিকে আরও চ্যালেঞ্জিং কন্ডিশনে দেখার অপেক্ষায়।
“সে যদি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় গিয়ে খেলে, কৌতূহল নিয়ে তাকিয়ে থাকব সে কেমন করে।”
দেখার সেই সুযোগ সামনেই পেয়ে যাবেন ম্যাকগ্রা। সামনেই ইংল্যান্ড সফরের ভারতীয় দলে জায়গা পেয়েছেন সুরিয়াভানশি।
এখন তিনি ভারতীয় ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার সফরে আছেন। সেখানে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মঙ্গলবার আউট হয়ে গেছেন ১২ বলে ১৪ রান করে।