১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোটজর্জর ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার

৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেট থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 01:33 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ক্যারিয়ারজুড়ে মাঠের ভেতরের চেয়ে বাইরেই সম্ভবত বেশি সময় কাটিয়েছেন কেন রিচার্ডসন। প্রস্তুতির চেয়ে বেশি সময় কেটেছে তার পুনবার্সনে। এবারের বিগ ব্যাশও ব্যতিক্রম নয়। লড়াই চালিয়ে যাওয়ার সেই স্পৃহা এবার হারিয়ে ফেলেছেন তিনি। পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান পেসার।

সিডনি সিক্সার্সের হয়ে এবারের বিগ ব্যাশে মাত্র দুটি ম্যাচে খেলতে পেরেছেন রিচার্ডসন। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী পেসার। পরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিবৃতিতে তিনি জানা বিদায়ী বার্তা। 

“বিগ ব্যাশ লিগ শেষ হয়ে যাওয়ার পর পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। ২০০৯ সালে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত, আমার মনে হয় নিজের প্রতিটি ফোটা নিংড়ে দিয়েছি আমি এবং এমন উপভোগ্য অধ্যায়ের শেষ করার উপযুক্ত সময় মনে হচ্ছে এখনই।”

“দেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং অস্ট্রেলিয়া ও ক্রিকেট বিশ্বের নানা জায়গায় ফ্র্যাঞ্চাইজি দলগুলির হয়ে খেলতে পেরে আমি সৌভাগ্যবান। ডারউইনে ছেলেবেলা বেড়ে ওঠার সময় ক্রিকেট নিয়ে যে স্বপ্ন দেখেছি, সেখান থেকে কোনো সুযোগই হালকা করে নেইনি আমি এবং আশা করি, আমাকে যারা দেখেছেন, সবাই তা অনুভব করেছেন।”

অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ২০১৩ সালে। শেষ ম্যাচটি খেলেছেন ২০২৩ সালে। ১০ বছরে ২৫ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলতে পেরেছেন তিনি। পিছু না ছাড়া চোটের কারণেই পূর্ণতা পায়নি তার সম্ভাবনাময় ক্যারিয়ার। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলে তিনি ছিলেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন তিনি।

বিগ ব্যাশে ১৪২ উইকেট নিয়ে তিনি পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়াও খেলেছেন আইপিএল, সিপিএল, আইএল টি-টোয়েন্টি, দা হান্ড্রেড ও টি-টোয়েন্টি ব্লাস্টে।