‘বোলার’ ম্যাক্সওয়েল আবার ম্যাচের সেরা, হাতছানি গেইলের রেকর্ড ছোঁয়ার
টানা দুই ম্যাচে স্রেফ বোলিং পারফরম্যান্সেই ম্যান অব দা ম্যাচ হলেন গ্লেন ম্যাক্সওয়েল, ৪৬ বার ম্যাচ-সেরা হয়ে আরেক ধাপ এগিয়ে গেলেন ক্রিস গেইলের রেকর্ডের দিকে।
আগের ম্যাচের রেশ হয়নি শেষ। এর মধ্যেই আবার বল হাতে নায়ক গ্লেন ম্যাক্সওয়েল! টানা দুই ম্যাচে স্রেফ বোলিং পারফরম্যান্সেই ম্যাচের সেরা হয়ে চমকে দিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার। টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ-সেরার রেকর্ডে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি ক্রিস গেইলের দিকে।
মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে রোববার এই পারফরম্যান্স উপহার দেন ম্যাক্সওয়েল। ফ্লোরিডায় এমআই নিউ ইয়র্কের বিপক্ষে চার ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট নিয়ে জিতে নেন ম্যাচ সেরার স্বীকৃতি।
দু দিন আগেই ১২ রানে তিন উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি।
টানা এই দুই ম্যাচের আগে মেজর লিগ ক্রিকেটের গত আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ-সেরা হয়েছিলেন তিনি ১৫ রানে ৩ উইকেট নিয়ে।
টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হওয়ার পথে আরও চার দফায় তিন উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল, আরও চারবার নিয়েছেন দুই উইকেট ও আটবার নিয়েছেন এক উইকেট। সেই প্রতিটিতেই ম্যাচ-সেরা হওয়ার পথে ভূমিকা ছিল তার ব্যাটিংয়ের। স্রেফ বোলিংয়ের কারণে তিনি ম্যাচ-সেরা হলেন স্রেফ এই তিনবার।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ৪৬ বার ম্যান অব দা ম্যাচ হলেন ম্যাক্সওয়েল। ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে ছাড়িয়ে রেকর্ডে তিনি এখন এককভাবে দ্বিতীয়। ২০ ওভারের ক্রিকেটে তার চেয়ে বেশি বার ম্যাচ-সেরা হয়েছেন কেবল ক্রিস গেইল।
৪৬৩ ম্যাচে ৬০ বার ম্যান অব দা ম্যাচের স্বীকৃতি পেয়েছেন ‘ইউনিভার্স বস’ গেইল। ম্যাক্সওয়েল ৪৬ বার হলেন ৪৭৬ ম্যাচ খেলে। হেলস ৪৫ বার সেরা হয়েছেন ৫০১ ম্যাচ খেলে, ৭০৩ ম্যাচ খেলে ৪৫ বার সেরা হয়েছেন কাইরন পোলার্ড, ৫৬০ ম্যাচে ৪৪ বার আন্দ্রে রাসেল।
ফ্লোরিডার লডারহিলে আগের ম্যাচের মতোই নতুন বল হাতে নেন ম্যাক্সওয়েল। ম্যাচের দ্বিতীয় ওভার আর নিজের দ্বিতীয় ডেলিভারিতেই বিদায় করেন তিনি মোনাঙ্ক প্যাটেলকে।
পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করে আর উইকেট পাননি তিনি। পরে অষ্টম ওভারে আক্রমণে ফিরে টানা দুই বলে শিকার করেন দুই উইকেট।
এক ওভারে দুই উইকেট শিকার করেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার গ্লেন ফিলিপস। বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ওয়াশিংটনের দারুণ বোলিংয়ে ১১২ রানে আটকে যায় নিউ ইয়র্ক।
রান তাড়ায় ৬ উইকেটে জিতে যায় ওয়াশিংটন। ওপেনিংয়ে রাচিন রাভিন্দ্রা (৯), মিচেল ওয়েন (১২) ও চারে নেমে ম্যাক্সওয়েল (২) ব্যর্থ হন ব্যাট হাতে। তবে আন্দ্রিয়েস হাউসের অপরাজিত ৪৬ ও চ্যাপম্যানের ২৭ রানে অনায়াসেই ম্যাচ জিতে শীর্ষে থেকে প্রাথমিক পর্ব শেষ করা নিশ্চিত করে ওয়াশিংটন।
প্রথম কোয়ালিফায়ারে তারা লড়বে টেক্সাস সুপার কিংসের সঙ্গে। এলিমিনেটর ম্যাচে খেলবে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস ও এমআই নিউ ইয়র্ক।
