Published : 13 Jan 2026, 01:58 PM
এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়ার ক্যাপিটালসের হয়ে খেলছেন শেই হোপ। একই দলে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের সঙ্গী রোস্টন চেইস ও শেরফেন রাদারফোর্ড। জোবার্গ সুপার কিংসের হয়ে খেলছেন আকিল হোসেন। দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি আসরে ব্যস্ততার জন্য ওয়েস্ট ইন্ডিজের সিরিজে থাকছেন না এই চার ক্রিকেটার।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলের তিন গুরুত্বপূর্ণ সদস্য রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারকেও।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় রেখেই সিরিজটি আয়োজন করা হচ্ছে। তবে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য বিশ্বকাপ দলের বেশির ভাগ সদস্যই থাকছেন না এখানে।
হোপের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তিনটি ম্যাচে নেতৃত্বের অভিজ্ঞতা তার আছে।
অভিজ্ঞ ওপেনার এভিন লুইস ফিরেছেন দলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি গত জুনে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শামার জোসেফ। তিনি সবশেষ খেলেছেন গত অগাস্টে। আরেক পেসার আলজারি জোসেফ এখনও মাঠের বাইরে আছেন চোট নিয়ে।
দলের একমাত্র নতুন মুখ কুয়েন্টিন স্যাম্পসন। গত সিপিএলে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। অভিষেক আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৯ ম্যাচে ২৪১ রান করেছিলেন ১৫১.৫৭ স্ট্রাইক রেটে।
দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ১৯, ২১ ও ২২ জানুয়ারি। এই সিরিজে খেলতেই বিপিএল ছেড়ে গেছেন আফগানিস্তানের মোহাম্মাদ নাবি, আজমাতউল্লাহ ওমারজাইরা।
বিশ্বকাপের আগে এই মাসের শেষে দক্ষিণ আফ্রিকাতেও তিন ম্যাচের একটি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা।
বিশ্বকাপে ক্যারিবিয়ানদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজ দল: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, র্যামন সিমন্ডস, শামার স্প্রিঙ্গার।